দশাসই সেগুন গাছটার ডাল জড়িয়ে বসে আছে গোখরো সাপ। বহু চেষ্টা করেও তাকে সেখান থেকে নড়াতে পারেননি রত্তি টোলা গ্রামের বাসিন্দারা।
পাঁচ ঘণ্টা পর জেরবার গ্রামবাসীরা শেষমেশ তলব করলেন মুন্দ্রিকা যাদবকে। পাশের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পে এককালে গার্ডের কাজ করতেন মুন্দ্রিকা দাদা। বাঘ, চিতাবাঘ, গন্ডার, সাপ মিলিয়ে প্রায় দুশোরও বেশি জন্তুজানোয়ার উদ্ধার করেছেন তিনি।
অকুস্থলে পৌঁছে প্রথমেই সাপটাকে গাছ থেকে নামানোর চেষ্টায় লেগে যান তিনি, আর সে চেষ্টা সফলও হয় সত্বর। “প্রথমে ওটার মুখে একটা বাঁশের কঞ্চি ঢুকিয়ে দড়িটা শক্ত করে বাঁধলাম। তারপর বাছাধনকে একটা বস্তায় পুরে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম,” নিজের কেরামতির বর্ণনা দিলেন ৪২ বছরের মুন্দ্রিকা দাদা। “২০-২৫ মিনিটে কম্ম সারা।”






