করিমুল হক পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি চা বাগানে কাজ করেন। ধলাবাড়ি এবং তার আশেপাশের গ্রামের রোগীদের তিনি নিজের মোটরবাইকে করে হাসপাতাল ও অন্যান্য চিকিৎসাকেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেন। ধলাবাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ক্রান্তিতে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে বটে, তবে সেখানে বিশেষ কোনও ব্যবস্থা নেই। এই এলাকায় চারচাকা বিশিষ্ট অ্যাম্বুল্যান্স পরিষেবা নেই।
করিমুলের অনন্য ‘বাইক অ্যাম্বুল্যান্স’ এবং তাঁর মোবাইল নম্বর (চিকিৎসার প্রয়োজনে পড়েছেন এমন মানুষজনের কাছে) গ্রামে গ্রামে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁর এই সেবাকর্ম বিষয়ে স্থানীয় ডাক্তারমহল, পুলিশ প্রশাসন ও ব্লকের আধিকারিকরা অবগত আছেন।




