সময়টা ২০২৩-এর সেপ্টেম্বর মাস, আমরা পশ্চিমঘাট পর্বতমালার ‘পুষ্প উপত্যকায়’ হাজির হয়েছি। এখানে এখন ফুল ফোটার মরসুম চলছে। ফি বছর এই জীববৈচিত্র্যে ভরপুর জায়গাটি হরেক রঙে সেজে ওঠে — গোলাপি, হাল্কা বেগুনি রঙের অসংখ্য দেশি ফুল।
তবে এ বছর শতসহস্র ফুলের ঝিমিয়ে পড়া মৃতদেহে ঢেকে আছে মাটি।
সমুদ্রপৃষ্ঠ হতে ১,২০০ মিটার উচ্চতায় স্থিত কাস মালভূমি, ২০১২ সালে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা জুটেছিল। সেদিন থেকেই মহারাষ্ট্রের এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে ওঠে এই পুষ্প উপত্যকা, বিশেষ করে অগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে, ফুল ফোটার মরসুমে। আর গণ্ডগোলটা সেখান থেকেই শুরু।
“এখানে কেউ আসত-টাসত না [আগে]। আমাদের কাছে কাস কেবলমাত্র একখান পাহাড় ছিল। গরু-ছাগল চরাতাম,” জানালেন ৫৭ বছর বয়সি সুলাবাই বাদাপুরি। “[আর আজ] লোকজন ফুল মাড়িয়ে ঘুরে বেড়ায়, ফটো তোলে, শিকড়সুদ্ধ গাছ উপড়ে দেয়!” মানুষের উদাসীনতা বড্ড নাড়া দেয় তাঁকে। “এটা কোনও বাগ (বাগিচা) নয়; এই ফুলগুলো সব পাথরের গায়ে ফোটে।”
কাস মালভূমি, যা কিনা কাস পাথর নামেও পরিচিত, সাতারা জেলার সাতারা তালুকের একটি ১,৬০০ হেক্টর জুড়ে বিস্তৃত বেডরক (মাটির নিচে অবস্থিত নিরেট প্রস্তর)।














