শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং পাকড়ে আছেন রুবেল শেখ ও অনিল খান...গাড়িখানা ছুটছে বটে, তবে ধরাতলের ধারেকাছেও নেই। মাটি থেকে আনুমানিক বিশ হাত উপরে, প্রায় আশি ডিগ্রি খাড়াই ঢালে গাড়ি ছোটাচ্ছেন রুবেল ও অনিল! আগরতলার এই মেলায় আজ ভিড় উপচে পড়েছে, সব্বার গলায় জয়ধ্বনি। চালকদ্বয় গাড়ির খিড়কি গলে হাত নাড়তে লাগলেন।
এই দু’জন মৌত-কা-কুঁয়ার (মৃত্যুকূপ) খেল দেখাচ্ছেন — স্তম্ভকাকৃতির মঞ্চের খাড়াই দেওয়াল বেয়ে বিভিন্ন কায়দায় গাড়ি বা মোটরসাইকেল ছোটানোর কেরামতি।
এই খেলাটি ১০ মিনিটের পর্বে ভাগ করে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে। পাটাতন জুড়ে জুড়ে নির্মিত মঞ্চটি দেখতে পাক্কা কুয়োর মতন, মেলা বসলে এটা খাড়া করে দিনকতক লাগে। খেলা দেখানো ড্রাইভাররাই এটা নির্মাণ করে থাকেন, এই খেলা ও তাঁদের সুরক্ষার চাবিকাঠি লুকিয়ে আছে মঞ্চটির গঠনগত প্রকৌশলে।
মৌত-কা-কুঁয়া — নামটি শুনলেই হাড়হিম হয়ে যায়। আগরতলা, ত্রিপুরার এই দুর্গাপুজোর মেলায় (অক্টোবর ২০২৩) এটা বাদেও নাগরদোলা, মেরি-গো-রাউন্ড, টয়ট্রেনের মতো আরও অনেক কিছুই রয়েছে দর্শক টানতে।























