“আমাদের গ্রামে মেয়েদের কোনও নিরাপত্তা নেই। রাত আটটা নটা বেজে গেলে তারা ঘরের বাইরে যায় না,” বলছেন শুক্লা ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলায় তাঁর গ্রাম। নাম কুয়াপুর। “মেয়েরা ভয় পাচ্ছে। কিন্তু তারা এটাও বুঝতে পারছে যে প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তোলা দরকার।”
শুক্লা ঘোষ-সহ তাঁর গ্রামের অন্য মেয়েরা কলকাতার আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে গত সপ্তাহে পথে নেমেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার কৃষক, খেতমজুর এবং শ্রমিকদের সঙ্গে।
ঘটনার ৪৪ দিন পর ২১ সেপ্টেম্বর, ২০২৪-এর এই মিছিল ছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত – হাঁটা পথে প্রায় ৩.৫ কিলোমিটার।
মিছিলের দাবি – দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এছাড়াও কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ (জুনিয়র ডাক্তারদের আন্দোলনের এই দাবি সরকার মেনে নিয়েছে) এবং স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ – অর্থাৎ মমতা ব্যানার্জি স্বয়ং।












