দুম দুম দুম...দুম দুম দুম...! শান্তি নগর বস্তির যে গলিতেই যান না কেন, ঢোলক বানানোর আর সুর বাঁধার এই সম্মোহনী ঐকতান কিছুতেই আপনার পিছু ছাড়বে না। আজ আমাদের সঙ্গে রয়েছেন ৩৭ বছরের ঢোলক নির্মাতা ইরফান শেখ। উত্তর মুম্বই শহরতলি এলাকার এই পরিযায়ী বস্তিতে অন্যান্য যে ক'জন কারিগর রয়েছেন, তাঁদের সব্বার সঙ্গে আলাপ করিয়ে দিলেন ইরফান সাহেব।
প্রায় প্রত্যেকেই বললেন যে তাঁদের পূর্বজের দেশগাঁ উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলা। শান্তি নগরে প্রায় ৫০ জন কারিগর ঢোলকের কারবারি। “যেদিকেই তাকান, দেখবেন বেরাদরির লোক এসব ঘাতযন্ত্র বানাতে ব্যস্ত,” ইরফান শেখ সগর্বে এটাও জানালেন যে এখানকার ঢোলক মুম্বই তথা মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমায়। (বেরাদরি শব্দটার বুৎপত্তিগত অর্থ ভ্রাতৃত্ব হলেও অধিকাংশ ক্ষেত্রে এটির দ্বারা সম্প্রদায় কিংবা কৌম বোঝানো হয়)।






