লোকসভা নির্বাচন ২০২৪। বাবলু কৈবর্তের ভোট দেওয়ার দ্বিতীয় সুযোগ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে যখন বাবলু কৈবর্ত ভোট দিতে যান, তখন তাঁকে লাইনে দাঁড়াতে হয়নি। পুরুলিয়ার পলমা গ্রামের পোলিং বুথে ঢুকে তো পড়লেন বাবলু, কিন্তু ভেতরে গিয়ে দেখেন ভোট দেবেন কেমন করে সেটাই বুঝে উঠতে পারছেন না।
২৪ বছর বয়সি বাবলু দৃষ্টিশক্তিরহিত প্রতিবন্ধী। যে প্রাথমিক বিদ্যালয়ে ভোট হচ্ছিল, সেখানে না ছিল ব্রেইল ব্যালট। না ছিল ব্রেইল ইভিএম।
“কী করব বুঝতে পারছিলাম না। আমাকে ভোট দিতে সাহায্য করবেন যে ব্যক্তি, তিনি যদি প্রতীকগুলো নিয়ে মিথ্যে কিছু বলেন?” প্রশ্ন করলেন দ্বিতীয় বর্ষের স্নাতক ছাত্র বাবলু। আর যদি বা সত্যি কথাই বলেন, গোপন ব্যালটের অধিকার তবু তো খর্বই হচ্ছে, বললেন বাবলু। একটু ভয়ে ভয়েই শেষ অবধি বোতাম টিপেছিলেন বাবলু। তারপর বাইরে এসে যাচাই করে নিয়েছিলেন। “ভাগ্য ভালো, উনি আমাকে মিথ্যে বলেননি,” জানাচ্ছেন বাবলু।
ভারতের নির্বাচন কমিশান জানাচ্ছে প্রতিবন্ধী-বান্ধব বুথে ব্রেইল ব্যালট এবং ইভিএম-এর বন্দোবস্ত থাকতে হবে। “ব্যবস্থা তো অনেকই আছে,” বলছেন শম্পা সেনগুপ্ত, কলকাতার শ্রুতি ডিজেবিলিটি রাইট্স সেন্টারের ডিরেক্টর। “কিন্তু কার্যকরী হচ্ছে কই?”
চার বছর পেরিয়ে এসে আবার ভোট দেওয়ার পালা। কিন্তু বাবলু ২০২৪ সালের নির্বাচনে ২৫ মে ভোট দিতে বাড়ি ফিরবেন কিনা তা এখনও ঠিক করে উঠতে পারেননি।





