যন্ত্রের মতো হাত চলছে মহম্মদ আসগরের, কথা বলে চললেও হাত থামেনি এক মুহূর্তের জন্যেও।
“কুছ পল কে লিয়ে ভি হাত রুক গয়া তো কাম খারাব হো জায়েগা [কয়েক মুহূর্তের জন্যেও যদি হাত থামে তো কাজ নষ্ট হয়ে যাবে],” বলছেন তিনশো বছরের পুরনো এই হস্তশিল্পের ৪০ বছর বয়সি কারিগর।
আসগর ভাই ছাপা কারিগর, গত এক দশক ধরে এই কাজ করছেন তিনি। কিন্তু অন্য ছাপা কারিগরদের মতো কাঠের ব্লকে রং লাগিয়ে কাপড়ে ছাপ দেন না তিনি, তাঁর বিশেষত্ব হল পাতলা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে কাপড়ের উপর ধাতব ফুল এবং অন্যান্য নকশা তোলা।
অ্যালুমিনিয়ামের এই ক্ষীণ পাতটির প্রচলিত নাম তবক, শাড়ি, শারারা, লেহেঙ্গা ইত্যাদি মেয়েদের নানান পরিধেয়কে ঝলমলে করে তুলতে ব্যবহৃত হয়। তাঁর মাথার পিছনের তাকে সার দিয়ে সাজানো নানা আকারের সূক্ষ্ম নকশা-তোলা কাঠের ছাঁচ যা দিয়ে সাধারণ কাপড়জামায় উৎসবের আমেজ এনে দেন তিনি।













