ঘন কালো মেঘে ঢাকা আকাশের নিচে জন্মেছিলেন দেবহল চাকমা। আর তাই-ই তো তাঁর বাবা-মা নাম রেখেছিলেন দেবহল, চাকমা ভাষায় যার অর্থ “তমসাচ্ছন্ন আকাশ।” এই আঁধার তাঁর জীবনসঙ্গী। মাত্র ৩ বছর বয়সে পর পর জলবসন্ত রোগ এবং তীব্র আমাশয় রোগে ভুগে তাঁর রাতকানা অবস্থার উপসর্গ দেখা দেয় যার জেরে পরবর্তীতে দৃষ্টিশক্তি হারান তিনি।
কিন্তু এই পরিস্থিতি কোনওদিনই দেবহল চাকমাকে দমাতে পারেনি। ১৬ বছর বয়সে তিনি একা একা নিজের চেষ্টায় বাঁশের ফালা দিয়ে ঝুড়ি বোনার কাজ শিখতে শুরু করেন। আজ ৬৫ পেরনো এই কারিগর বলছেন, “কেমন করে বাঁশের ফালা বুনে নকশা তুলতে হয় সেটা একাই শিখেছিলাম। ছোটোবেলায় বাঁশ দিয়ে আস্ত একটা বাড়ি তৈরি করার ক্ষমতা ছিল আমার।”
দেবহল দাদা থাকেন মিজোরামের মমিত জেলার জলনুয়াম ব্লকের রাজীবনগর গ্রামে। এই গ্রামের জনসংখ্যা ৩,৫৩০। তফসিলি জনজাতি চাকমা সম্প্রদায়ের মানুষ তিনি। মুলত বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের প্রধান জীবিকা কৃষিকাজ। এই জেলার উর্বর জমিতে ঝুমচাষ পদ্ধতিতে ভুট্টা, ধান, তিল, সুপারি, আনারস এবং অন্যান্য ফল এবং সব্জি উৎপাদন করা হয়। এছাড়া স্থানীয় অর্থনীতিতে এখানকার ঘন বাঁশবন ও ঝাড়ু গাছের জঙ্গলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




