মহারাষ্ট্রের কোলাপুর জেলায়, জাঁতাকলে ঘাম ঝরানো মহিলাদের ভক্তিভরা গানে উঠে এল বহুলবন্দিত এক মেষপালকের কথা
সেই যেখানে জাঁতাপেষাইয়ের গানের (জিএসপি) আদি দলটির জন্য আজ দু’দশক আগে গান গেয়ে শুনিয়েছিলেন মহিলারা, তাঁদেরই খোঁজে ১৯টি নামের তালিকা নিয়ে কোলাপুরের মেটাগে গ্রামে পৌঁছাল পারি। গাঁয়ের মেয়ে-বুড়ো সব্বার নজর কেড়েছিল ইয়াব্বড় ক্যামেরা নিয়ে আসা এতগুলো লোক।
এক বাড়ির দোরগোড়ায় জনৈক মহিলা বসেছিলেন, তাঁকেই গিয়ে শুধালাম — এককালে পুণে থেকে আসা লোকজনের জন্য গান গেয়েছেন, এমন কাউকে চেনেন নাকি? “হ্যাঁ,” জবাব এল, “আমরাই তো জাট্যাভারচি ওভ্যা [জাঁতাপেষাইয়ের গান] গেয়েছিলাম। গাইয়ের দলে আমিও ছিলাম।”
তালিকায় থাকা একজনের সঙ্গে মোলাকাত হওয়ায় যারপরনাই খুশি হলাম! সোনা ভরমল। বছর ষাটেকের সোনা আই জানালেন, উনি ছাড়া সেই গায়কদের আর মোটে একজনই মেটাগে গাঁয়ে এখনও বসবাস করেন — লক্ষ্মী দাওয়ারি।
















