বাংকা জেলার চিরচিড়িয়া জনপদে ৮০টি সাঁওতাল পরিবারের বাস। তাঁদের বেশিরভাগই ক্ষুদ্রচাষি, এছাড়াও কাজ বলতে আছে পশুপালন। খেতমজুরি কিংবা ইমারতি ক্ষেত্রে শ্রমিকের কাজ করতে প্রায়শই কাছেপিঠের গ্রামেগঞ্জে পাড়ি দেন পুরুষের দল।
"এটা বারাহ-রূপী গাঁ বটে, মানে সব জাতের লোকজনই থাকে," জানালেন সিধা মুর্মু, এই প্রবীণ ব্যক্তিটিকে সম্মান করে চিরচিড়িয়ার আবালবণিতা। "সাঁওতালদের অনেক জাত আছে গো – এই যেমন ধরুন আমি মুর্মু, তাছাড়াও রয়েছে বিসরা, হেমব্রম, টুডু..."



