“বছরে কটাই বা ছুরি বিক্রি করতে পারব?” কোটাগিরি টাউনের গলিতে, টিনের চালের ছাউনি দেওয়া কর্মশালায় বসে প্রশ্ন করলেন এন. মোহনা রঙ্গন। “চায়ের জন্য ওদের শুধু ছোটো ছুরি লাগে, পাতা কাটতে। চাষের জন্য দরকার লোহার তৈরি বড় হাতে ধরা লাঙল ও মই, কিন্তু এখন চাষ হয় কম, চা-বাগানই বেশি। কোনও কোনও দিন আমি কর্মশালায় আসি, কিন্তু কোনও কাজই থাকে না... ”
কোটা উপজাতির শেষ কোল্লেল বা কামারদের মধ্যে একজন রঙ্গন, বয়স ৪৪। কোটাগিরি থেকে কয়েক কিলোমিটার দূরে, তামিলনাড়ুর নীলগিরি জেলার ছোট্ট জনপদ, পুড্ডু কোটাগিরিতে থাকেন তিনি। “আমি ২৭ বছর ধরে এই কাজ করছি এবং আমার আগে আমার বাবা, ঠাকুর্দা ও তাঁদের বাবা, তাঁদের ঠাকুর্দারাও এই কাজই করেছেন, এই কাজটা আমার পরিবার করে আসছে, না জানি কত প্রজন্ম ধরে,” তিনি বলেন।
কিন্তু এই বহু প্রজন্মের কাজ চা-বাগানের প্রসারে হারিয়ে যাচ্ছে - ১৯৭১ থেকে ২০০৮ পর্যন্ত (শেষ যে কয়েক বছরের তথ্য পাওয়া যায়), ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন-এর পরিসংখ্যান অনুযায়ী নীলগিরিতে চা চাষের জমি তিনগুণ বেড়ে ২২,৬৫১ হেক্টর থেকে হয়েছে ৬৬, ১৫৬ হেক্টর। আর এটা কামারদের ব্যবসাকে ধীর ধীরে শেষ করে দিচ্ছে।






