এই সপ্তাহের মঙ্গলবারের তুমুল বৃষ্টিতে সেন্ট্রাল মুম্বাইয়ের শিবাজী পার্ক এলাকা কার্যত জলকাদার এক সমুদ্রের চেহারা নেয়, এমন পিছল পথে চলাফেরা করাটাই বিপজ্জনক। সখুবাই খোরে পড়ে গিয়ে পায়ে আঘাত পেলেন। কিন্তু, ফোকলা দাঁতে হাসতে হাসতে তিনি বলেন, “আমি এসেছি আমার দেবার [ঈশ্বরের] পদস্পর্শ করতে। যতদিন আমার শরীর চলে, যতদিন আমার হাত পায়ে জোর থাকে, যতদিন আমার চোখে দৃষ্টি থাকে, ততদিন আমি এখানে ফিরে ফিরে আসব।”
তাঁর এবং মিলনস্থলে সমবেত বাকি সকলের দেবা বা ঈশ্বর আর কেউ নন –ডঃ বাবাসাহেব আম্বেদকর। তাঁর মহাপরিনির্বাণ দিবস ৬ই ডিসেম্বর, বুধবার তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে ৭০ বছরের, নববৌদ্ধ সম্প্রদায়ভুক্ত দলিত সখুবাই জলগাঁও জেলার ভুসাওল থেকে এসেছেন।
শিবাজী পার্ক এবং নিকটবর্তী দাদরের চৈত্য ভূমির স্মারক মঞ্চ যেখানে ১৯৫৬ সালে ভারতীয় সংবিধানের মূল স্থপতি ডঃ আম্বেদকরকে সমাধিস্থ করা হয়েছিল, প্রতিবছর এইদিনে এখানে দলিত সম্প্রদায়ের মানুষ হাজারে হাজারে সমবেত হন। বিংশ শতাব্দীর মহান সমাজ সংস্কারক, অবিসংবাদী নেতা এবং সর্বকালের সর্বদেশের সকল নিপীড়িত মানুষের প্রতিবাদের প্রতীক বি.আর. আম্বেদকরের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য তাঁরা আসেন। বাসে ট্রেনে চড়ে, পায়ে হেঁটে দূরদূরান্ত থেকে তাঁরা আসেন এই মহান দিনে উপস্থিত থাকার তাগিদে। মুম্বই, মহারাষ্ট্রের বিভিন্ন গ্রাম শহর এবং অন্যান্য রাজ্য থেকে, এমনকি কয়েকদিনের পথ অতিক্রম করে তাঁরা হাজির হন তাঁদের নিষ্ঠা, শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য।












