খোলা আসমানের নিচে কর্মশালা, দিকচক্রবাল ঘিরে রেখেছে প্রকাণ্ড সব তেঁতুলগাছ, এক মনে বাঁশ চেঁছে বাঁশি বানাচ্ছেন মণিরাম মণ্ডাবি (৪২)। ফুঁ দিলে সুমিষ্ট সুর যেমন বেরোয়, তেমনই আবার জংলি জানোয়ার তাড়ানোরও কাজে লাগে, ‘অস্ত্র’ হিসেবে বেশ শক্তপোক্ত। জোয়ান বয়েসের কথা মনে করছিলেন মণিরাম, "তখনকার দিনে, বাঘ, চিতাবাঘ, ভালুক আকছার ঘুরে বেড়াত জঙ্গলে, কিন্তু এইটা বাগিয়ে ধরে ঘোরাতে থাকলে ওরা ত্রিসীমানাতেও ঘেঁষত না।"
বাঁশ দিয়ে বানানো এই বাদ্যযন্ত্রটির নাম 'দুলুনি বাঁশি', ছত্তিশগড়ি ভাষায় 'সুকুড় বাঁসুরি'। ফুঁ দেওয়ার কোনও মুখ নেই, দুইখান ফুটো আছে কেবল, আর বাজানোর সময় বাতাসে দোলাতে হয়।
দিনে বাঁশ চেঁছে একটার বেশি বাঁশি বানাতে পারেন না ৪২ বছর বয়সী মণিরাম। হস্তশিল্প প্রদর্শনী কিংবা কাছেপিঠের শহরে গিয়ে বেচলে একেকটা বাঁশি থেকে ৫০ টাকা মুনাফা হয় তাঁর। অথচ এই একই বাঁশি খদ্দেরের হাতে পৌঁছতে পৌঁছতে দাম ৩০০ টাকা হয়ে যায়।
প্রায় তিন দশক আগেকার কথা, আচমকা একদিন ওস্তাদ বাঁশি-কারিগর মন্দার সিং মণ্ডাবির সঙ্গে মোলাকাত হয় তাঁর, এ শিল্পে হাতেখড়িটাও হয় সেখান থেকেই। মণিরামের কথায়: "বয়স তখন ওই বছর ১৫ হবে, কাঠকুটের খোঁজে জঙ্গলে ঢুকেছি, হঠাৎই তিনি ডেকে বললেন 'তুই তো আর ইস্কুল-টুলে যাচ্ছিস নে, চল, তোকে একটা জিনিস শেখাই'।" এভাবেই স্কুল-জীবনে ইতি টেনে প্রয়াত সেই ওস্তাদের দরবারে নাড়া বাঁধেন তিনি।




