১৪ই এপ্রিল ডঃ আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে সারা মাস জুড়ে বাবাসাহেব ও বর্ণবাদের সমস্যা ঘিরে একের পর এক দোহা প্রকাশ করে চলেছে পারির জাঁতাপেষাইয়ের গানের প্রকল্প। তারই অন্তিম কিস্তিতে ফুলে, বুদ্ধ, শিক্ষা, একতা, আত্মসম্মানবোধ ও ভীমরাওয়ের প্রেরিত বাণী ঘিরে ১০টি ওভি গাইছেন সাভারগাঁওয়ের রাধাবাই বোরহাডে
৫ই এপ্রিল ২০১৭ সালে পারিতে প্রথম প্রকাশিত হয় জাঁতাপেষাইয়ের গান, সেই পাঁচটি গানের প্রত্যেকটিই ছিল বীড জেলার সাভারগাঁও নিবাসী রাধাবাই বোরহাডের কণ্ঠে। ১৪ই এপ্রিল ডঃ আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে সারা মাস ধরে তাঁকে ঘিরে রচিত দোহার শৃঙ্খলা প্রকাশ করেছিলাম আমরা।
ওই পাঁচটি গান গাঁথা ছিল বুদ্ধ, ভীমরাও, ধম্ম, সংঘ ও রমাবাই আম্বেদকরকে (বাবাসাহেবের প্রথম স্ত্রী) ঘিরে।
উক্ত শৃঙ্খলাটির সর্বশেষ কিস্তিতে রাধাবাইয়ের বজ্রসম কণ্ঠে রয়েছে ১০টি ওভি, তাঁর সঙ্গে একে একে সংগত করেছেন অনেকেই।
রাধাবাই তাঁর প্রথম দোহাটি উৎসর্গ করছেন সমাজ সংস্কারক, লেখক ও দার্শনিক জ্যোতিবার (ফুলে) প্রতি, বর্ণবাদ-বিরোধী লড়াই সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি রেখে গেছেন তাঁর কালজয়ী ছাপ।
দ্বিতীয় ওভিটি বৌদ্ধ ধম্মের পাঁচরঙা পতাকার (এটি বৌদ্ধ পন্থার বিশ্বব্যাপী বিস্তৃতির একটি প্রতীক বিশেষ) প্রতি নিবেদিত। সাত কোটি মানুষের জীবনযুদ্ধের সাক্ষী এই নিশান (তখন ৭০ মিলিয়ন দলিতের বাস ছিল এ দেশে, জাতপাতের বিষে জর্জরিত এই মানুষগুলির হাতে যুদ্ধের ধ্বজা রূপে বৌদ্ধ ধর্ম তুলে দিয়েছিলেন বাবাসাহেব – এই দোহাটি সেই দিকেই ইঙ্গিত করে)।
রাধাবাই তাঁর তৃতীয় গানে মুক্তির পথে হাঁটতে আহ্বান জানাচ্ছেন সবাইকে, হাজার দারিদ্র্যের মুখোমুখি হলেও যেন কেউ শিক্ষার সান্নিধ্য ত্যাগ না করে। চতুর্থ ওভিতে উঠে আসছে অন্তর্কলহ ছেড়ে দলবদ্ধ হওয়ার মন্ত্রণা, ঐক্যবদ্ধ জোট যাতে ভেঙে না পড়ে, তারই সঙ্গে রয়েছে তথাগতের বাণী মনে রাখার উপদেশ। মানুষের জন্য আবার করে বৌদ্ধ ধম্ম ফিরিয়ে এনেছিলেন বাবাসাহেব, পঞ্চম দোহায় সেকথা মনে করাচ্ছেন রাধাবাই। আমরা যাতে সে পন্থার নীতিমালা হতে বিচ্যুত না হই, এটুকুই তাঁর আর্তি।




