“এই পাত্রটা ভীষণ দরকারি। আমাদের পাড়া [জনপদ] এখনও আঁধার। সেইজন্যই তো আমি হাঁটছি। অন্তত বিদ্যৎটুকু তো দেবে আমাদের,” বলছেন নাসিকের কৃষক সমাবেশে আসা ৪৭ বছর বয়সী কৃষিজীবী মঙ্গল ঘাডগে, তাঁর মাথার উপর ভারসাম্য বুঝে রাখা ট্যাবলেটের আকারের একটি সৌরপ্লেট, “সূর্যের আলো সরাসরি [ধাতব] পাত্রটির উপর পড়ে এবং তাপ সঞ্চয় করে রাখে। সন্ধেবেলা আমরা মোবাইল ফোন বা টর্চ চার্জ করার জন্য এটা ব্যবহার করি। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।”
মঙ্গলের মতো (উপরের কভারচিত্রে), তাঁর বহু প্রতিবেশীই এখন ৪০ ঘর বিশিষ্ট নাসিক জেলার দিন্দোরি তালুকের সিন্দওয়াড় গ্রাম থেকে প্রায় আধ কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই জনপদটিতে সৌরপ্লেটগুলি ব্যবহার করেন। এই পাড়ার সকল অধিবাসীই মহাদেব কোলি নামে তপশিলি জনজাতিভুক্ত। তাঁদের অধিকাংশই বনবিভাগের জমিতে ধান, রাগি ও তুর (অড়হর) চাষ করেন। ২০১৮ সালে তেমন ভালো বর্ষা না হওয়ার অর্থ তাঁদের সমস্ত ফসল নষ্ট হয়েছে অথবা ফলন হয়েছে যৎসামান্য।
মঙ্গল বছরখানেক আগে সৌরপ্লেটটি কিনেছেন। “আমাদের পাড়ার একজন এই পাত্রটি কিনেছিল। সেই দেখে আমি তাঁকে একটা এনে দিতে বললাম। তারপর অনেকেই কিনতে শুরু করল। দাম ২৫০ টাকা - আমাদের মতো মানুষের একদিনের মজুরি,” তিনি বললেন।




