সুনীল গুপ্ত বাড়ি বসে কাজ করতে পারেন না অথচ তাঁর ‘অফিস’ গেটওয়ে অফ ইন্ডিয়া, দীর্ঘ লকডাউনের কারণে বিগত ১৫ মাস যাবৎ নাগালের বাইরে।
“এটাই আমাদের অফিস। এখন আমরা যাব কোথায়,” দক্ষিণ মুম্বইয়ের এই সৌধ চত্বরের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন করলেন।
লকডাউনের আগে অবধি সুনীল এই জনপ্রিয় পর্যটনস্থলে সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি অপেক্ষা করতেন। পর্যটকরা চেকপয়েন্ট ছাড়িয়ে সৌধের দিকে অগ্রসর হওয়া মাত্র তিনি এবং অন্যান্য আলোকচিত্রীরা নিজেদের অ্যালবাম নিয়ে তাঁদের স্বাগত জানিয়ে অনুরোধ করতেন, “এক মিনিটে গোটা পরিবারের ছবি” অথবা “মাত্র ৩০ টাকায় একটা ছবি তুলিয়ে যান।”
এপ্রিলের মাঝামাঝি থেকে কোভিড-১৯ অতিমারির নতুন ধাক্কার পর মুম্বইয়ে নতুন বিধিনিষেধ বলবৎ হওয়ার ফলে এখন তাঁদের হাতে কাজ নেই বললেই চলে। “সকাল বেলায় এখানে এসে দেখি নাকের ডগায় ‘প্রবেশ নিষেধ ঝুলছে,” এপ্রিলের মাঝামাঝি, ৩৯ বছর বয়সী সুনীল আমাকে বলেছিলেন। “এমনিতেই আমাদের রোজগার করতে প্রাণান্তকর অবস্থা তার উপর এখন তো আয় পুরোপুরি শূন্য। এই লোকসান সামলানোর ক্ষমতা আমার নেই।”


















