গত ৭ই জুন পিপলস আর্কাইভ অব রুরাল ইন্ডিয়া তথা আমরা সবাই সাক্ষী হয়ে রইলাম আমাদের জীবনের অন্যতম সেরা এক হৃদয়স্পর্শী ঘটনার। ঘটনাটা যে পারির উদ্যোগে বাস্তবায়িত হল সেটা ভেবে আমার সত্যি গর্ব হয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই ক্যাপ্টেন ভাউ এবং তুফান সেনার (‘ক্যাপ্টেন বড়োভাই’ ও তাঁর ঝোড়ো বাহিনী) সেই গল্পটা। এই গল্প জুড়েও আছেন সেই ক্যাপ্টেন ভাউ এবং অন্যান্য বিস্মৃতপ্রায় বীর নায়কেরা।
আমরা এগিয়ে চলেছি বটে কিন্তু সঙ্গে বাড়ছে বিষাদ : ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিকরা এক এক করে মারা যাচ্ছেন। যেসব বীর যোদ্ধারা দেশকে স্বাধীনতা এনে দিলেন ভারতবর্ষের নতুন প্রজন্ম তাঁদের দেখতে পাবে না, শুনতে পাবে না তাঁদের কন্ঠস্বর। এমনকি আমি এটাও বলতে পারি যাঁরা এই রিপোর্ট পড়ছেন, তাঁদের মধ্যেও অনেকে এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত।
এইজন্যেই বিগত বেশ কিছু বছর ধরে আমি স্বাধীনতা সংগ্রামের এই সকল অসাধারণ বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে ডকুমেন্টশনের কাজ করছি। তাঁদের নিয়ে লেখালেখি করার পাশাপাশি রেকর্ড করছি তাঁদের কথা, ফিল্মে তাঁদের ধরে রাখার চেষ্টাও করছি। তবু আফশোষ যে এঁদের অধিকাংশই চুপিসারে চলে যাবেন। রয়ে যাবেন লোকচক্ষুর অন্তরালে, অজ্ঞাত এবং প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত।
পারির পক্ষ থেকে আমরা উদ্যোগ নিলাম একটা পুনর্মিলন অনুষ্ঠানের। ঠিক হল এতে যোগ দেবেন ১৯৪৩-১৯৪৬ সালের সাতারা জেলায় যে সমান্তরাল আঞ্চলিক, স্বাধীন সরকার স্থাপিত হয়েছিল যা কিনা আদতে ব্রিটিশ শাসিত তৎকালীন ভারতবর্ষে নিষিদ্ধ বা আন্ডারগ্রাউন্ড ছিল সেই প্রতি সরকারের এখনও জীবিত সদস্যরা। সেইমতো ৭ই জুন সাতারা এবং সাংলী জেলার তুফান সেনার আশীতিপর যোদ্ধা এবং অঞ্চলের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো হল। ১৯৪৩ সালের ৭ই জুন তারিখেই তুফান সেনার এইসব মুক্তিযোদ্ধারা মহারাষ্ট্রের সাতারা জেলার শেনোলী গ্রামে ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের বেতনের টাকা নিয়ে আসা একটি ট্রেন আক্রমণ করেন। মাইনের ওই টাকা লুঠ করে তাঁরা দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেন, বাকিটা প্রতি সরকারের পরিচালনার জন্য রাখা হয়।
অবসরপ্রাপ্ত কূটনীতিক, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর নাতি গোপাল গান্ধীকে আমরা অনুরোধ করলাম দিল্লি থেকে এসে যদি তিনি এই অনুষ্ঠানে যোগদান করে বক্তব্য রাখেন। তিনি সাগ্রহে রাজি হলেন এবং এখানে এসে যা কিছু দেখলেন তাতে গভীরভাবে অনুপ্রাণিত হলেন।
এই তুফান সেনা (ঝঞ্ঝা বাহিনী বা টাইফুন বাহিনী) ছিল সাতারার আন্ডারগ্রাউন্ড সমান্তরাল প্রতি সরকারের সশস্ত্র বাহিনী — ভারতের স্বাধীনতা সংগ্রামের এ এক অতি চমকপ্রদ অধ্যায়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সশস্ত্র শাখা হিসেবে উঠে আসা এই বাহিনীর বিপ্লবীরা সাতারায় একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করেন। বর্তমান সাংলীও ব্রিটিশ ভারতের সুবিশাল সাতারা জেলার অন্তর্ভুক্ত ছিল।




