“আরে, আপনি কলকাতা থেকে আসছেন?” আমার দিকে মুখ তুলে জিজ্ঞেস করলেন তিনি। তাঁর চোখ ভিজে যাচ্ছে। ‘‘আমিও হাওড়া আর কলকাতায় অনেকবার গেছি। সবসময়েই কাজের খোঁজে। কখনও কাজ পেয়েছি, কখনও পাইনি। শেষ পর্যন্ত এখানে কাজ মিলেছে, চলে এসেছি।”
‘‘এখান” বলতে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায়, লাদাখে। আর রাজু মুর্মু, ঝাড়খণ্ডে তাঁর বাড়ি থেকে ২৫০০ কিলোমিটার দূরে — তাঁর চেনা সেই গমগমে শহরের স্মৃতি থেকে খানিক ওম হাতড়ে নিচ্ছেন। এই দুর্গম হিমালয় মরুভূমিতে তাঁদের তাঁবুর বাইরে তাপমাত্রা হঠাৎই পড়ে যায়, সন্ধে নামতে না নামতেই। বিদ্যুতের নামগন্ধ নেই। রাজু ও তাঁর সতীর্থ অন্যান্য পরিযায়ী শ্রমিকদের তাঁবুতে আঁধার নেমে আসে।
৩১ বছরের রাজুর বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলার বাবুপুর গ্রামে। নিয়মিত লাদাখে আসেন তিনি — বাদবাকি শ্রমিকদের মতো। দেশের উচ্চতম সড়কগুলি বানানোর কাজে। ‘‘এই নিয়ে আমার চার বছর হল। গতবছরও এসেছিলাম। কী করব? আমার গ্রামে তো কোনও কাজ নেই,” রাজু বললেন। রাস্তা নির্মাণের কাজ চলছে যেখানে সেই জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে ছোটো তাঁবুতে থাকেন রাজু ও ঝাড়খণ্ডের আরও নয় শ্রমিক। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৫৮২ ফুট উঁচুতে খারদুং লা (খারদোং গ্রামের কাছে) থেকে ১০ হাজার ফুট উচ্চতায় নুবরা ভ্যালি পর্যন্ত রাস্তা (পাস) নির্মাণ করছেন।
লাদাখের এই প্রত্যন্ত, বিচ্ছিন্ন অঞ্চলটি চিরদিনই বাণিজ্য, ধর্ম, সংস্কৃতির সীমান্ত বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেই অঞ্চলই এখন ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, মধ্যপ্রদেশ ও দেশের নানা প্রান্ত থেকে আসা পরিযায়ী শ্রমিকদের আস্তানা। লাদাখের নতুন প্রশাসনিক ব্যবস্থায় এই এলাকায় বেসরকারি নির্মাণসংস্থাগুলি রাস্তা বানানোর বরাত পাচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, বর্ডারস রোডস অর্গানাইজেশনের সঙ্গে মিলে বাণিজ্যিক ও সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে হাত দিয়েছে। ফলে লাদাখে পরিযায়ী শ্রমিকের স্রোত বেড়েই চলেছে।
রাস্তার ধারে তাঁদের আপনি দেখতে পাবেন। বেশিরভাগই পরিবার নিয়ে এসেছেন। ক্যানভাসের তাঁবুতে থাকেন তাঁরা। ১১ বাই ৮.৫ ফুটের বেশি বড়ো নয় সেগুলি। কাজ যত এগোয়, ক্যাম্পও সরে সরে যায়। প্রতিটা তাঁবুই জিনিসপত্র, ব্যাগ-প্যাঁটরা, বাসনকোসনে ঠাসা। এক একটিতে প্রায় ১০ জন করে মানুষের গাদাগাদি বাস। ঠাণ্ডা মাটিতে শুধু কম্বল বিছিয়ে ঘুমোন তাঁরা। বিদ্যুৎ নেই, সারাক্ষণ ভয়ঙ্কর শীতের সঙ্গে যুদ্ধ। যখন হিমাঙ্কের নিচে তাপমাত্রা চলে যায়, সে সময়েও তাঁরা প্রায়শই কাজ করেন, কোনও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। এখানে পরিকাঠামো প্রকল্প মানেই এই নির্মম আবহাওয়া আর বিশাল খরচ। আধুনিক যন্ত্রপাতির বন্দোবস্ত না থাকা মানেই ভারী ভারী মাল হাতে বহন করে শ্রমিকদের বার বার রাস্তা বানাতে হয়। আর এ সব কিছুই ঘটে চলে এমন একটা উচ্চতায় যেখানে বাতাসে অক্সিনেজের মাত্রা কম। অথচ এই কাজের জন্য যে পারিশ্রমিক পান শ্রমিকরা, তা দিয়ে একটা সংসার চালানো দুষ্কর।























