পিলী পারধীর বয়স ৫০-এর কোঠায়; তিনি কস্তুরবা রোডের উপর অবস্থিত একটি হোটেলের সদর গেটের বাইরে জনৈক গ্রাহকের জন্য অপেক্ষা করছেন। ঘড়িতে এখন সকাল ৯টা বাজে – হোটেল ছেড়ে চেকআউট করে বেরনোর সময় সবে শুরু হয়েছে। তাঁর পুত্রবধূ অরুণাও এখানে আছেন। এই দুই মহিলা, এবং পিলীর ছেলে – সকলেই মাথেরানে কুলি হিসেবে কাজ করেন।
জয়া পেদকারও এই একই পেশায় নিযুক্ত আছেন। মধ্য ৩০-এর জয়া, ৩.৫ কিলোমিটার দূরে মাথেরানের প্রধান বাজার এলাকার দস্তুরী পার্কিং লটে হোটেল থেকে সারাদিনে অন্তত ৩/৪ বার বাদবাকি কুলিদের মতই মাথায় ১০ - ৪০ কেজি ওজন বহন করে নিয়ে আসার কাজ করেন। হিল স্টেশনটির আরও উপরের দিকে অবস্থিত হোটেল থেকে মাল বইতে গেলে অবশ্য পথের দূরত্ব অনেকটা বেরে যায়।





