“দেখুন! আমার মোটরটা কেমন মাটিতে সেঁধিয়ে গেছে,” বানের জলে আধা ডুবে যাওয়া একটি পাম্পিং মোটর খুঁড়ে বার করতে করতে বললেন দেবেন্দ্র রাওয়াত। মধ্যপ্রদেশের সুঁঢ় গ্রামের এই ৪৮ বছরের চাষি আরও বললেন, “বানের জলে মাটি ক্ষয়ে গেছে, আমার তিনখানা মোটর আর্ধেকটা করে চলে গেছে মাটির তলায়। বলুন দেখি এবার কী করি?”
মধ্যপ্রদেশের শিবপুরি জেলার নারোয়ার তেহসিল, সিন্ধ নদীর দুটি উপশাখার মাঝে অবস্থিত সুঁঢ় গ্রাম, জনসংখ্যা ৬৩৫ (জনগণনা ২০১১)। ২০২১ সালের অগস্ট মাসের বানে তছনছ হয়ে যায় গোটা গাঁ। এর আগে কক্ষনো এমন ভয়াবহ বন্যার অভিজ্ঞতা হয়নি দেবেন্দ্রর: “তিনদিন ধরে গোটা গ্রামটা ডুবে ছিল। আমার ৩০ বিঘা ধানখেত গিলে খেয়েছে বানের জল। পারিবারিক যেটুকু জমি ছিল, তার ৬ বিঘা তো চিরকালের মতো ক্ষয়ে ভেসে গেছে।”
যেদিকে দুচোখ যায়, দিগন্তবিস্তৃত জলরাশি — ফলত কালি পাহাড়ি পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামটিকে দেখে দ্বীপ বলে ভ্রম হতে পারে। বানের আগে আগে, একটু বেশি বৃষ্টি হলেই সাঁতরে কিংবা ডুবসাঁতার দিয়ে ওপারে যেতে বাধ্য হতেন গ্রামবাসীরা।
বন্যার পর সরকারি নৌকা এসে গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যায়, শুধু জনা ১০-১২ রয়ে গিয়েছিলেন গাঁয়ে। যাঁদের উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে কেউ কেউ পাশের একটি বাজারে শিবির পাতেন, কেউ আবার অন্যান্য গাঁয়ে নিজেদের আত্মীয়স্বজনের বাড়িতে চলে যান। প্লাবন আসার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক হতে হতে একমাস লেগেছিল, জানালেন দেবেন্দ্র।










