মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলা থেকে ২৩ জন অদিবাসী কৃষক দিল্লির দক্ষিণে নিজামুদ্দীন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছোন ২৭শে নভেম্বর সকালবেলায়। তারপর তাঁরা ৩০ মিনিট পায়ে হেঁটে সরাই কালে খান এলাকায় শ্রী বালা সাহেবজী গুরুদোয়ারায় আসেন। ২৯-৩০ নভেম্বর, ২০১৮ তারিখের কিষান মুক্তি যাত্রায় আগত কৃষকদের জন্য গুরুদোয়ারা লাগোয়া একটা নির্মীয়মান চত্বর প্রস্তুত রাখা হয়েছিলো।
সর্বপ্রথম ইয়াভাতমাল থেকে আগত কৃষকদের এই দলটি-ই এখানে এসে পৌঁছোল সকাল ১০টা নাগাদ। এঁদের এখানে এসে পৌঁছোনো, রাত্রিবাস এবং আহারাদির বন্দোবস্ত করেছিলেন সর্ব ভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় কমিটির সদস্য ও নেশান ফর ফার্মারস গোষ্ঠীর স্বেচ্ছাকর্মীরা।
মহারাষ্ট্র আর অন্ধ্রপ্রদেশের সীমানায় কেলাপুর তালুকের পিমপালকুটি গ্রাম থেকে নন্দীগ্রাম এক্সপ্রেসে চেপে সাত ঘণ্টার পথ পেরিয়ে কোলাম আদিবাসী কৃষকেরা নাগপুর এসে পৌঁছালেন ২৬ নভেম্বর সন্ধেবেলায়। সেখান থেকে আবার কেরালা থেকে আগত ট্রেনে করে নিজামুদ্দীন স্টেশন।








