“বাজি রেখে বলতে পারি, এখানে ওঠার সময় খালি গরু, গাধা আর কয়েকটা কুকুরের সাক্ষাৎ পেয়েছেন,” হাসিমুখে বললেন ৬২ বছরের সেরিং আংচুক। তাঁর সঙ্গে আমার দেখা ২০১৬ সালের ডিসেম্বর মাসে জম্মু ও কাশ্মীরের লাদাখের লেহ্ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে স্নেইমো গ্রামে।
শীতকালে এই ছোট্ট গ্রামের প্রায় সবকটা বাড়িই বন্ধ পড়ে আছে। গ্রামের মোট জনসংখ্যা ১,১০০ (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। শীতকালে তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি অবধি নেমে যাওয়ার কারণে এখানকার বেশিরভাগ বাসিন্দাই পছন্দ করেন আরেকটু উষ্ণ জায়গায় গিয়ে পরিবারের সদস্যদের বাড়িতে থাকতে – চণ্ডীগড়, জম্মু, দিল্লি, এমনকি লেহ্-তে। “এর ফলে এখানে আমার মতো গুটিকয় লোক আর গবাদি পশুরাই শুধু পড়ে থাকে,” জানালেন সেরিং, তাঁর স্ত্রী এবং তিন সন্তান এখন এখানে নেই। উনি একা আত্মীয়ের বাড়িতে থেকে তাঁদের গৃহপালিত পশুদের দেখাশোনা করছেন – মূলত গরু এবং ‘জো’ (গরু এবং ইয়াক্-এর সংকর প্রজাতি)।










