“সেই ভোর পাঁচটায় বেরিয়েছি। তখন থেকে শুধুই হাঁটছি। আমরা বিলোশি যেতে চাই। কোনও যানবাহন নেই। আমাদের শেঠ (নিয়োগকর্তা) আমাদের প্রত্যেককে হাজার টাকা করে দিয়েছে। সেটা দিয়ে আমরা নুন আর মশলাটুকুই কিনেছি। বাড়ি ফিরতে না পারলে আমরা খাব কি? আমাদের গ্রাম থেকেও ফোন পেয়েছি। ‘এখন যদি সকলে বাড়িতে না আসো, তাহলে দুবছর বাইরেই থাকো’।”
এটাই বলছিলেন ওঁরা। মাথায় মালপত্তর নিয়ে, কাঁখে বাচ্চাদের নিয়ে চড়া রোদে হাঁটছিলেন। আমি আমার গ্রামের পাশ দিয়ে ওঁদের যেতে দেখলাম, ওঁদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলাম। সবাই পালঘর জেলার ভাদা ব্লকের বিলোশি গ্রামের বাসিন্দা। ইটভাটায় কাজ করার জন্য ভাসাই ব্লকের ভাতানে গ্রামে এসেছিলেন - নারী, পুরুষ, শিশু। সব মিলিয়ে ১৮ জন, সকলেই আদিবাসী, কাতকারি জনগোষ্ঠীর।
করোনাভাইরাস নিয়ে চিন্তায় ছিলেন ওঁরা। লকডাউনের জন্য কোনও যান নেই, যাতে করে বাড়ি পৌঁছতে পারেন। আর অন্যদিকে, গ্রাম থেকে সঙ্গে সঙ্গে বাড়ি ফেরার তাড়া দিয়ে ফোন। অগত্যা হেঁটেই যাচ্ছেন তাঁরা। ২৯শে মার্চ বেলা এগারোটায় আমার গ্রাম নিম্বভালিতে এসে পৌঁছেছেন ওঁরা।
“ঝলসানো রোদ। তার মধ্যে আমি মাথায় জিনিসপত্র নিয়ে হাঁটছিলাম, পড়ে গিয়েছিলাম। আমার চোট লেগেছে,” নিজের হাঁটু দেখিয়ে বলছিলেন ৪৫ বছরের কবিতা দিভা। তাঁর পাশেই বসেছিল, ২০ বছরের স্বপ্না ওয়াঘ। ছয় মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই তাঁর ২৩ বছরের স্বামী কিরণ ওয়াঘের সঙ্গে ইটভাটায় কাজ করছেন তিনি। লকডাউনে তিনিও বাড়ি ফিরছেন, মাথায় মালপত্র নিয়ে, পেটে একটা প্রাণ নিয়ে।



