মিছিল করে মুম্বইয়ে যাবেন মনস্থ করে নাসিক চলে এলেন গোপীনাথ নাইকওয়াড়ি। “একটা বছর আমরা অপেক্ষা করলাম, কিন্তু সরকার আমাদের কোন দাবিই পূরণ করেনি। এইবার কিন্তু সরকার যতক্ষণ না আমাদের দাবি পূরণ করছে আমরা ওখান থেকে নড়ব না,” বলছেন মহারাষ্ট্রের আহমেদনগর জেলার আকোলা তালুকের তাম্ভোল গ্রামের ৮৮ বছর বয়সী কৃষক।
নাইকওয়াড়ি চার একর জমিতে চাষ করতেন, এর মধ্যে তাঁর নিজের এক একর এবং বাকিটা বনবিভাগের জমি। কিন্তু গত একবছর তিনি কেবল এক একর জমিতেই চাষ করছেন। “গ্রামে পানীয় জল নেই। চাষবাস করবই বা কেমন করে?” নাসিক জেলার ভিলহোলি গ্রামের উপকণ্ঠে দাঁড়িয়ে তিনি আমাকে এই প্রশ্ন করছিলেনন, ২১শে ফেব্রুয়ারি ১০ কিলোমিটার পথ অতিক্রম করে নাসিকের মহামার্গ বাসস্ট্যান্ড থেকে তিন ঘন্টার দূরত্বে এখানেই হাজার হাজার কৃষক দুপুর আড়াইটা নাগাদ মধ্যাহ্নভোজনের জন্য ঘন্টা তিনেকের বিরতি নিলেন। আকোলা তালুকের আরও জনা ২৫০ কৃষকের সঙ্গে হেঁটে নাইকওয়াড়ি এখানে পৌঁছলেন।



