সেন্ট্রাল মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে থানে জেলায় সাপ্রা পাহাড়ের ঢালে নিম্বাভালিতে আমাদের গ্রাম গারেলপাড়া। এই জনপদে ওয়ারলি আদিবাসী গোষ্ঠীর ২০-২৫ ঘর মানুষের বাস।
প্রতি বছরের মতো এইবারও আমাদের পাড়ায় চিরাচরিত রীতিতেই দীপাবলি উৎসব হবে। সবাই সেই উৎসবের প্রস্তুতিতে মেতে উঠেছে।
ওয়াঘবর্ষি, বার্কি তিওলি, মোঠি তিওলি আর বালিপ্রতিপদ — আমাদের গোষ্ঠীতে দীপাবলির এই চারটি গুরুত্বপূর্ণ দিন। এইবছর নভেম্বরের ৫-৮ তারিখ জুড়ে আমরা এই দিনগুলো উদযাপন করেছিলাম।
ওয়ারলিরা বাঘকে দেবতা জ্ঞানে পুজো করে। ওয়াঘবর্ষিতে আমরা বাঘের কাছে প্রার্থনা করি। আদিবাসী পাড়া মূলত জঙ্গলে অবস্থিত। আগে ওয়ারলিরা জীবন নির্বাহের জন্য পুরোপুরি জঙ্গলের ওপর নির্ভরশীল ছিল। তারা পশুদের চরাতে জঙ্গলেই নিয়ে যেত, এখনও অনেকে সেই অভ্যেস বজায় রেখেছে। বাঘ যাতে তাদের আক্রমণ না করে, সেই প্রার্থনা করতে করতে বাঘের বন্দনার ধারাটি এসেছে।












