"নই রে চাকর, নই রে বাঁদি, নই রে গোলাম কেউ... এই পৃথিবীর বাচ্চা মোরা, এই পৃথিবীর সাচ্চা মোরা জল-জমিনের ঢেউ।"
এই গানটা ধরেছিল এক গ্রামীণ স্কুলের শিশুরা। কোথাও না কোথাও যেন লুকিয়ে থাকা অর্থটা ব্যঙ্গ হয়ে তাড়া করে ফেরে। শহুরে ইস্কুলগুলির ঝুলিতে যে পরিমাণ কাঠামোগত ব্যবস্থা, আর্থিক অনুদান এবং সুযোগের পসরা সাজানো থাকে, তার ছিটেফোঁটাও বোধ করি গ্রামীণ ইস্কুলগুলো পায় না। এমন ইস্কুল যেখানে অবিশ্বাস্য রকমের কম মাইনে দিয়ে রাখা হয় অস্থায়ী শিক্ষকদের। এমন ইস্কুল যেখানে শিক্ষকের কোনও শিক্ষাগত যোগ্যতাই নেই – নামমাত্র মাইনে দিয়ে অযোগ্য শিক্ষক বহাল করার ফিকিরে বেশ কিছু রাজ্যে তো টিচার্স এলিজিবিলিটি টেস্ট নামক বস্তুটাই তুলে দেওয়া হয়েছে বকলমে। আবার এমন ইস্কুলও আছে যেখানে বছরের পর বছর ঘুরে যায়, কিন্তু শিক্ষকের টিকিটিও দেখা যায় না।



