আষাঢ়ী একাদশীর পুণ্যতিথিতে ভক্তের দল বিট্ঠল দেবের উদ্দেশ্যে আরাধনা আর উপবাসে মাতেন। ফুলাবাই ভোঙ তাঁর গানের মধ্যে ফুটিয়ে তুলছেন সেই ভক্তিরসের অপূর্ব এক গাথা। ভক্তের বিশ্বাস - জীবন ও মৃত্যুর সংসারচক্রে আটকে থাকা আত্মার মোক্ষলাভের একমাত্র পন্থা এই পবিত্র উপবাস
এবছর আষাঢ়ী একাদশী পড়েছে জুলাই মাসের ২০ তারিখে, এদিন ধর্মপ্রাণ হিন্দুরা কয়েক ফোঁটা জল ব্যতীত আর কিছুই মুখে দেন না। তবে মহারাষ্ট্রের কথা আলাদা, এখানে যাঁরা সারাটা দিন অভুক্ত হয়ে থাকতে পারেন না তাঁদের জন্য রয়েছে রকমারি খাবারদাবার, যা সাদামাটা হলেও অত্যন্ত সুস্বাদু – এগুলিকে একত্রে কৌতুকের ছলে "মারাঠি ফাস্ট ফুড" বলা হয়। উদাহরণস্বরূপ রয়েছে সাবু, আলু এবং বাদাম (এগুলি খেলে নাকি নিয়মভঙ্গ হয় না) দিয়ে বানানো উপাদেয় সাবুদানার খিচুড়ি।
জাঁতা পেষাইয়ের গান প্রকল্পের (জিএসপি) এই কিস্তিটিতে পুণের ইন্দাপুর তালুকের নিমগাঁও কেতকী গ্রামের ফুলাবাই ভোঙ আষাঢ়ী (যার আরেক নাম 'শয়নী') একাদশীর উপোসকে ঘিরে পাঁচটি ওভি গেয়েছেন। হিন্দু চান্দ্র পঞ্চাঙ্গ অনুযায়ী আষাঢ় মাসের একাদশতম দিনে উদযাপিত হয় এই ধর্মীয় পরবটি। ভক্তবৃন্দের বিশ্বাস জীবন ও মৃত্যুর সংসারচক্রে আটকে থাকা আত্মার মোক্ষলাভের একমাত্র পন্থা সারাদিন জুড়ে পালিত এই পবিত্র উপবাস।
এই দিনটিতে নাকি বিট্ঠল অথবা বিঠোবা দেব নিজেও উপোস করেন, ফুলাবাইয়ের গান থেকে একথা জানতে পারছি আমরা। সুউচ্চ ওয়াঘাটি লতায় (বাংলায় কণ্টকলতা বলে পরিচিত) ফলে আছে ছোট্ট ছোট্ট সবুজ গোবিন্দ ফল। এ ফল মহৌষধি রূপে স্বীকৃত গ্রামীণ ভারতের বিভিন্ন প্রান্তে। ফুলাবাই গান গেয়ে জানাচ্ছেন রুক্মিণী দেবী কেমন করে মই বেঁধে রাখেন সেই লতার গোড়ায়। ধর্মীয় লোকাচার অনুযায়ী এই উপোস ভাঙার একমাত্র উপায় দ্বাদশীর দিন এই ফলগুলিকে রেঁধে খাওয়া।





