কান্দন ঘোড়ার অন্ধকার ঘরে এঞ্জেলফিস, পিকক ফিস, গাপ্পি, মলি এবং আরও অনেক মাছ অ্যাকোয়ারিয়াম, চৌবাচ্চা ও নানান পাত্র জুড়ে খেলে বেড়াচ্ছে। তিনি বলছিলেন, “এ বড়ো অন্তরঙ্গ সম্পর্ক। ওদের সন্তানের যত্নে লালনপালন করতে হয়।”
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উদয়রামপুর গ্রামের কান্দন পেশায় মাছ চাষি। দক্ষিণ কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই গ্রাম। তাঁর পরিবারের সকল সদস্যই এই শোভাবর্ধক শৌখিন মাছ চাষের সঙ্গে যুক্ত। গ্রামের প্রায় সব পরিবারেরই এটাই পেশা। তাঁর আন্দাজমাফিক ঘোড়া পাড়া, মণ্ডল পাড়া ও মিস্ত্রি পাড়া মিলিয়ে প্রায় ৫৪০টি পরিবার আছে।
পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা, তামিলনাডু ও কেরালার মৎস্য চাষিদের মতো তাঁরাও ২০০টিরও অধিক প্রজাতির বর্ণময় দেশি ও বিদেশি মাছের প্রজনন ও প্রতিপালন করেন। এগুলি সারা দেশের শৌখিন মৎস্যপ্রেমীদের কাছে বিক্রি হয়।







