যশোদা উম্বরে গাইছেন কেমন করে তিনি সাতসকালে জাঁতাকলে শস্য পেষাই করেন যাতে বাচ্চাদের সময়মতো উদরপূর্তি হয়
জাঁতা পেষাইয়ের গানের দল যখন ১৯৯৭ সালে যশোদা উম্বরের সঙ্গে দেখা করতে যায় তখন তিনি এবং তাঁর পরিবার পুণে জেলার মাওয়াল তালুকের রাজমাচি গ্রামে থাকতেন। ভূমিহীন কৃষক সবাই। কিন্তু তাঁরা কৃষিশ্রমিক ছিলেন নাকি ভাগচাষি, সেটা খুব একটা স্পষ্ট ছিল না। তবে হ্যাঁ, তাঁর বাড়িটা বেশ বড়োসড়ো ছিল। যশোদা বলেছিলেন, "আমার শাশুড়িমা আমাকে আর আমার স্বামীকে আমাদের পৈতৃক বাড়ি (তাঁদের একান্নবর্তী পরিবারের ভিটে বাড়িটি) থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এই বাড়িটা (এখন যেখানে আমরা বসবাস করি) আমি আর স্বামী দুজন মিলে গতর খেটে বানিয়েছি।"
রাজমাচি গ্রামে একটি বিখ্যাত ঐতিহাসিক দুর্গ থাকার কারণে ৯০এর দশক নাগাদ সেখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটে। পর্যটকদের থাকার জন্য গ্রামের মানুষজন ইমারতি ও কাঠের কাজে নিজেদের দক্ষতার জোরে বিশাল বিশাল হলিডে-হোম বানাতে শুরু করেন। যশোদা তাঁর স্বামীর সঙ্গে নিজেদের বাড়ির লাগোয়া পাকাপোক্ত দরজা সমেত একটি শৌচালয় বানান পর্যটকদের সুবিধার্থে। নিজেদের এই শৌচালয় ও প্রকাণ্ড বাড়িখানার জন্য তাঁর স্বাভাবিকভাবেই গর্ববোধ ছিল। তাঁর এক ছেলে আমাদের একটি ভিজিটিং কার্ড দিয়েছিল।
যশোদার জ্যেষ্ঠপুত্র ছিলেন বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন। বাকি তিন ছেলের প্রত্যেকেই তখন শিক্ষার্থী। মেজো ছেলে মুম্বইয়ে একটি কলেজে পড়তো, আর ছোটো দুই ছেলে গ্রামেরই ইস্কুলে পড়াশোনা করছিল।
তখন যশোদার বয়স ৪৬। তাঁর মা থাকতেন মাওয়াল তালুকের দুধিভারে গ্রামে, তিনি মায়ের কাছেই জাঁতা পেষাইয়ের গান শিখেছিলেন। তবে আমরা যখন তাঁর সঙ্গে দেখা করতে যাই, যশোদা প্রথমটায় গাইতে রাজি হচ্ছিলেন না। তিনি বললেন যে তাঁর ভাইঝিকে তার শ্বশুরবাড়ির লোকজন বিষ খাইয়ে খুন করেছে – এবং প্রচলিত লোকাচার অনুযায়ী অশৌচ চলাকালীন মহিলাদের একবছর কোনও গান গাওয়া চলে না।




