“আমরা ভুখা পেটে থাকতে পারি, কিন্তু তাও আমাদের দলের পতাকার তলে থাকতেই হবে। যেতেই হবে আমাদের। আমাদের কাছে আর কোনও বিকল্প নেই,” তালুপুরুতে বলেন এম. নারায়াণাস্বামী। তিনি এই গ্রামের রেশনের দোকানের ডিলার, অনন্তপুর জেলার রাপতাডু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই গ্রাম। তিনি ভোটের প্রচার নিয়ে কথা বলছিলেন যা ১১ এপ্রিল পর্যন্ত চলে – অর্থাৎ আজ যেদিন লোকসভা ও বিধানসভা দুটিতেই ভোট দেবে অন্ধ্রপ্রদেশ। এখানকার মানুষ ভাবছেন কীভাবে তাঁরা ভোট দেবেন, কাকে ভোট দেবেন তাঁরা – এবং কেন।
এই এলাকাতে বেশিরভাগ মানুষের চিন্তাভাবনা ও কথাবার্তা চলছে রাপতাডু ও পুলিভেন্দুলা বিধানসভা কেন্দ্রকে ঘিরে, কেন্দ্র দুটি যথাক্রমে হিন্দুপুর ও কডপা লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
রাপতাডুতে লড়াই তেলুগু দেশম পার্টির (টিডিপি) পারিতালা শ্রীরাম ও ওয়াইএসআর কংগ্রেস পার্টির (ওয়াইএসআরসিপি) থপুদুর্থি প্রকাশ রেড্ডির মধ্যে। ২০০৯ ও ২০১৪ সালে রেড্ডি এই আসনে শ্রীরামের মা পারিতালা সুনিথার কাছে পরাজিত হন। পুলিভেন্দুলাতে ওয়াইএসআরসিপির নেতা জগমোহন রেড্ডি প্রতিদ্বন্দ্বিতা করছেন টিডিপি-এর এস. ভি. সতীশ কুমার রেড্ডির সঙ্গে। অনেকেই যাকে পরবর্তী সম্ভাব্য মুখ্যমন্ত্রী মনে করছেন সেই জগমোহন এগিয়ে রয়েছেন।
হিন্দুপুর লোকসভা কেন্দ্রে লড়াই হচ্ছে টিভিপি-এর নিম্মলা কিসতাপ্পা ও ওয়াইএসআরসিপি-র গোরান্তলা মাধবের মধ্যে। কডপা লোকসভা কেন্দ্রে ওয়াইএসআরসিপি-র বর্তমান সাংসদ ওয়াই.এস. অবিনাশ রেড্ডি লড়ছেন তাঁর মূল প্রতিদ্বন্দ্বী টিডিপি-র আদিনারায়ণ রেড্ডির সঙ্গে।
তবে, অনন্তপুরের গ্রামগুলিতে পৃথক পৃথক প্রার্থীর থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দল ও জোটের প্রতি আনুগত্য। রাপতাডুতে গ্রামবাসী যাঁদের সঙ্গে আমরা কথা বলি তাঁরা মনে হল বিধানসভা নির্বাচনে অনেক বেশি আগ্রহী হিন্দুপুর লোকসভা কেন্দ্রের ভোট থেকে (যদিও তাঁরা দুটিতেই ভোট দেবেন)। বস্তুত, এই সবগুলো কেন্দ্রেই ভোটাদাতারা রাজ্য বিধানসভা ভোটে অনেক বেশি আগ্রহী।










