ঠান্ডা মাথায় এস. মুথুপেচি এক এক করে বলছিলেন তাঁর সমস্যার কথা। তাঁর পেটের ভাত জোগায় কারাগাট্টাম নামক এক লোকনৃত্য। এই নৃত্যকলাটির এক একটি পরিবেশনায় রাত কাবার হয়ে যায়, এর জন্য যতটা দক্ষতা লাগে, ঠিক ততটাই লাগে দম। অথচ যাঁরা নর্তকী, তাঁদের কপালে জোটে শুধুমাত্র নিন্দা ও কলঙ্ক। সামাজিক সুরক্ষা তাঁদের কাছে আকাশকুসুম কল্পনা কেবল। তবে ৪৪ বছরের এই শিল্পী কিন্তু এসব ছাপিয়ে গেছেন।
আজ দশ বছর হল তাঁর স্বামী মারা গেছেন, তারপর থেকে এই মানুষটি একা লড়াই করে নিজের জীবনটা যেমন গুছিয়েছেন তেমনই বেশ জাঁকজমক করে দুই মেয়ের বিয়েও দিয়েছেন। কিন্তু ঠিক তারপরেই নেমে আসে কোভিড-১৯এর করাল ছায়া।
করোনাভাইরাস বিষয়ে কথা বলার সময় তাঁর কণ্ঠ স্পষ্টতই ফেটে পড়ছিল যুগপৎ রাগ ও হাহাকারে। ক্রমাগত দুষছিলেন তিনি, "অসভ্য শয়তান করোনা। রোজগারপাতি সব শেষ হয়ে গেল, কোথাও কোনও নাচগানের প্রোগ্রামই তো করা যাচ্ছে না। শেষমেশ বাধ্য হচ্ছি মেয়েদের কাছে হাত পাততে।"
"গতবছর সরকার থেকে বলেছিল বটে যে ২,০০০ টাকা করে দেবে আমাদের," বলছিলেন মুথুপেচি, "কিন্তু হাতে পেয়েছিলাম মোটে ১,০০০ টাকা। ওই যে মুদুরাইয়ের কালেক্টর সাহেব? তাঁর কাছে আবেদন করেছি আমরা, তবে এখনও অবধি কোনও হিল্লে হয়নি।" ২০২০ সালের এপ্রিল-মে মাসে তামিলনাড়ুর সরকার ঘোষণা করে যে রাজ্যের লোকশিল্পী উন্নয়ন সমিতির অন্তর্ভুক্ত শিল্পীদের দুই দফায় ১,০০০ টাকা করে দেওয়া হবে।
অতিমারি শুরু হওয়ার পর থেকে মাদুরাই জেলায় আনুমানিক ১,২০০ জন লোকশিল্পী কর্মহীনতার জ্বালায় ভুগছেন, প্রখ্যাত লোকশিল্পী ও শিক্ষক মাদুরাই গোভিন্দরাজ জানালেন আমাদের। মে মাসে আমি মুথুপেচি ও অন্যান্য কয়েকজন লোকশিল্পীর সঙ্গে দেখা করতে অবনীপুরম শহরের আম্বেদকর নগরে যাই, সেখানে প্রায় ১২০ জন কারাগাট্টাম পরিবেশক বসবাস করেন।
কারাগাট্টামের মূল উৎস গ্রামীণ জনজীবন। সাধারণত মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে, সাংস্কৃতিক উৎসব কিংবা বিয়েবাড়ি ও শ্রাদ্ধানুষ্ঠানের মতন সামাজিক অনুষ্ঠান উপলক্ষে এই লোকনৃত্যটি পরিবেশিত হয়। কারাগাট্টামের শিল্পীদের প্রত্যেকেই দলিত। জাতিতে তাঁরা সব্বাই আদি দ্রাবিড়ীয়। তাঁদের রুজি রোজগারের একমাত্র উপায় বলতে এই লোকশিল্পটিই রয়েছে।
কারাগাট্টাম একটি দলবদ্ধ নৃত্যশৈলী, এখানে নারী ও পুরুষ উভয়েই মাথার উপর কারাগম নামক একটি বাহারী এবং ওজনদার কলস চাপিয়ে নাচ করেন। বেশিরভাগ সময়ই সারারাত ধরে চলে এই পরিবেশন – রাত ১০টা থেকে ভোর ৩টে অব্দি।













