উত্তর কলকাতায় কুমারটুলির তস্য সরু গলিগুলোয় হাতে-টানা রিকশা চলতে পারার মতো জায়গাটুকুই মেলে কোনওমতে। ঐসব গলি-ঘুঁজিতে একমাত্র যে লোকগুলোর দেখা পাবেন হরদম, তাঁরাই কুমোর– এ শহরের প্রতিমা-শিল্পী। এইখান থেকেই মা দুর্গা কিংবা আরও নানান দেবদেবীর মূর্তি প্রতিবছর পৌঁছে যায় কলকাতা শহরের নানান প্রান্তে।
এইখানেই কারখানা কার্তিক পালের। কর্মশালা বলতে সত্যি সত্যি বাঁশ আর প্লাস্টিকের চাদর দিয়ে তৈরি একটা ছাউনি, নাম 'ব্রজেশ্বর অ্যান্ড সন্স'(নামকরণ তাঁর বাবার নামে)। প্রতিমা বানানোর দীর্ঘ আর ধাপে ধাপে চলা পদ্ধতিটা সবিস্তারে আমাদের কাছে খোলসা করেন তিনি। মূর্তি গড়ার এইসব নানান ধাপে গঙ্গা মাটি (গঙ্গা নদীর তীর থেকে আনা মাটি) আর পাট মাটির (পাটের টুকরোটাকরা আর গঙ্গা মাটির মিশ্রণ) মতো হরেকরকম মাটিমাখা ব্যবহৃত হয়।










