“নর্দমাটা প্রায় ২০ হাত গভীর ছিল। প্রথমে পরেশ নামল। দু-তিন বালতি আবর্জনা টেনে টেনে বার করল, তারপর উঠে এসে খানিক জিরিয়ে নিয়ে ফের নামল নর্দমার ভিতর। দ্বিতীয়বার নামা মাত্র চিৎকার করে উঠল...
“পরিস্থিতিটা ঠিক বুঝতে পারিনি, তাই গালসিং ভাইও নামল। কিন্তু টুঁ শব্দও শুনতে পাচ্ছিলাম না। তখন অনিপ ভাইও নামল। ভিতরে তিন-তিনটে মানুষ, অথচ কোনও সাড়াশব্দ নেই। এবার তাই আমাকে দড়ি বেঁধে নামাল বাকিরা। কার যেন একটা হাত ধরেছিলাম, ছাড়তে মানা করল, কার হাত তা বলতে পারব না। কিন্তু হাতটা ধরতেই আমায় টেনে তোলার চেষ্টা করতে লাগল, আর ঠিক তক্ষুনি আমি বেহুঁশ হয়ে গেলাম,” একটানা রুদ্ধশ্বাসে বলে গেলেন ভবেশ।
তাঁর সঙ্গে যখন দেখা করি, তখন এক সপ্তাহও হয়নি বড়দা পরেশ-সহ দুজন সহকর্মীকে চোখের সামনে হারিয়েছেন ভবেশ। দৃশ্যতই বিধ্বস্ত মানুষটি, দুর্ঘটনার কথা বলতে গিয়ে ভেঙে পড়েছিলেন। বিষাদসিক্ত কণ্ঠে দলা পাকিয়েছিল অবসাদ।
গুজরাতের দাহোদ জেলার খারসানা গ্রামের ২০ বছরের ভবেশ কাটারার নসিবের জোর আছে বলতে হবে, নইলে সে যাত্রা রক্ষে পেতেন না। ভারুচ জেলার দাহেজ গাঁয়ে বিষাক্ত নর্দমা সাফাই করছিলেন ৫ জন আদিবাসী পুরুষ, তাঁদের মধ্যে ভবেশ সহ দুজন বাদে মারা যান বাকিরা। আরেকজন যিনি বেঁচে ফিরেছেন, তিনিও দাহোদ জেলার মানুষ। বালেন্দিয়া-পেতাপুরের এই বাসিন্দাটির নাম জিগনেশ পারমার, ১৮।
এই ঘটনায় নর্দমার গ্যাসে দম আটকে (অ্যাস্ফিক্সিয়েশন্) জান খুইয়েছেন জিগনেশের গাঁয়ের অনিপ পারমার ২০, দাহোদের দন্তগড়-চাকালিয়ার গালসিং মুনিয়া, ২৫ এবং ভবেশের দাদা পরেশ কাটারা ২৪ — স্বাভাবিকভাবে ভাইয়ের মতো তিনিও খারসানা-নিবাসী ছিলেন। [এখানে উল্লিখিত বয়স এঁদের আধার কার্ড থেকে নেওয়া, এবং এগুলি সঠিক ভাবার কোনও কারণ নেই। হামেশাই দেখা যায় যে নিচুতলার অফিসকর্মীরা অধৈর্য হয়ে আনতাবড়ি সংখ্যা বসিয়ে দিচ্ছেন খাতায়]।





















