আমার বাড়ি ইন্দিরা কলোনি নামের এক আদিবাসী গ্রামে। এখানে নানান আদিবাসী সম্প্রদায় মিলিয়ে মোট ২৫টি পরিবারের বাস। আমাদের গ্রামে একটা জলের ট্যাঙ্ক, শৌচালয় আর পানীয় জলের একটা কুয়ো আছে।
গ্রামের কিছু কিছু মানুষের আবাদি জমিজমা আছে। সেখানে তারা ধান, বেগুন, ভুট্টা, বরবটি, ঢ্যাঁড়স, করলা, কুমড়ো জাতীয় সবজি এবং কুলত্থ কলাই, অড়হর, মুগ ইত্যাদি বিভিন্ন রকমের ডাল চাষ করেন। অধিকাংশই অধিবাসীই ধান চাষ করেন, যা আমরা নিজেদের খোরাকির জন্যও ব্যবহার করি। বর্ষাকালে ধান চাষ হয়।
ধান কাটার সময়ে আমরা খানিকটা ধান নিজেদের জন্য রেখে, বাকিটা বিক্রি করি। ধান বিক্রি করে কতটা উপার্জন হবে সেটা নির্ভর করে সার ও চাষের প্রয়োজনে ব্যবহৃত অন্যান্য সামগ্রীর দামের ওপর।
গ্রামের কিছু কিছু বাড়ি খড়ের চালে ছাওয়া। এতে রোদ, বৃষ্টি আর ঠান্ডা ভালোই আটকায়। প্রতি একদুই বছর অন্তর খড় পাল্টাতে হয়। আমরা জঙ্গল থেকে সংগ্রহ করা বগুলি ঘাস, সালুয়া, বাঁশ, লাহি আর কাঠ দিয়ে আমাদের বাড়ি মেরামত করি।








