নগরের শিশুরা বুঝি সবাই অনাথ?
১.
ক্যালেন্ডারে চোখ রাখুন
দেখুন, অগস্ট আসে, অগস্ট কেটেও যায়
কাটে না যাদের অগস্ট, তাদের চোখের জল হয়ে গড়ায়
কাঁপতে থাকা হাত থেকে পড়ে ভেঙে হয় চুরমার
রুদ্ধ নাসারন্ধ্র ভেদ করে পৌঁছয় না বাতাস
এক ঝটকায় কেড়ে নেয় দম
কারো দুঃস্বপ্ন
কারো বা গলার দড়ি
আমার গোরখপুরের মায়েদের প্রাণের ধন
অগস্ট যাদের জন্য সম-বৎসর, পুরো সন
২.
কারা যেন বলে বেড়াচ্ছে, মা-গুলো সব ভীতুর ডিম
কারা যেন রটাচ্ছে বাপগুলো সব ডাঁহা মিথ্যেবাদী
কোন হতচ্ছাড়া বলে বেড়াচ্ছে হাসপাতালে প্রাণবায়ু নেই?
এসবই ওই নচ্ছার মোগল ব্যাটার কারসাজি!
দেখুক দুনিয়া, এখানে এত অক্সিজেন আছে
যে অলিগলি, বস্তি, বাজারে, আনাচে কানাচে
গোমাতাও নিশ্চিন্তে অক্সিজেন টানে আর ছাড়ে
এতটাই সুলভ যে
অক্সিজেনের নামেই
ফুসফুসে জেঁকে বসে মৃত্যু।
৩.
এরা সব কাদের বাচ্চা, মুখগুলো যেন অনাথ অবিচল?
কাদের বাচ্চা এরা সব,
নর্দমা থেকে উড়ে আসা মশার ঝাঁক কুরে খায় যাদের?
কে জানে কাদের বাচ্চা এরা,
কেন হাতে নেই মোহন বাঁশি ধরা?
এদের মা-বাপ কারা?
কোথা থেকে আসে ওরা
ওদের ঝুপড়ি দেখি না তো শামিল দুনিয়ার শোভাযাত্রায়?
নিশুত রাতে যাদের কোল আলো করে কৃষ্ণ অবতার জন্মায় না
সারি সারি ঘুপচি ঘরে হুট করে পয়দা হয়ে যায় যেখানে শিশুরা।
এদের আবার অক্সিজেন চাই!
এরা আবার হাসপাতালে বেডের স্বপ্ন দেখে!
বলিহারি শখ!
৪.
গোরখের ধরণী দ্বিধা হতে চায় লজ্জায়
শোকনৃত্যে লীন সন্ত কবীর
লেলিহান শিখায় তপ্ত রাপ্তির পাড়
গুমরে কাঁদার কথা ছিলো যার
সে শহর আজ স্তব্ধ নীরব নিথর।
তালুকের মহন্ত কয়,
দেবতা শিশু বলি চায়
নিজের প্রাণপ্রতিষ্ঠায়



