“ইশ!” সে যেন চমকে ওঠে। সকালের ফিল্টার কফির কাপ নামিয়ে রাখে টেবিলে। ফোনটা দুই হাতে ধরে, তার স্বামীকে পড়ে শোনায়, “মহারাষ্টের ঔরঙ্গাবাদে মালবাহী ট্রেনে চাপা পড়ে ১৬ জনের মৃত্যু”; অবশ্য ভদ্রলোক তখন অফিসের মেইল নিয়ে ব্যস্ত। “কী যে হচ্ছে! দেখেছ এটা?” প্রশ্ন আর বিস্ময় বয়ে আনে ক্ষণিকের স্তব্ধতা। কফিটাও একটু জুড়োয়, এবার বরং বাকিটা পড়তে পড়তে চুমুক দিয়ে খাওয়া যাবে।
সে আবার বলে, “কিন্তু এতজন মানুষ? এরা এসেছে কোথায় থেকে?” এবার যদিও তার গলা একটু নরম। উৎকণ্ঠাও কম।
“এখানে তো বলছে, এদের একদল আবার উমারিয়ার মানুষ। আমরা গিয়েছিলাম না, মনু? গতবছর ডিসেম্বরে?” বেড়াতে যাওয়ার কথা শুনে মনে পড়েছে তার স্বামীরও। সেও বলল, “হ্যাঁ। ওখানেই তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক। মধ্যপ্রদেশের ভীষণ পিছিয়ে পড়া জেলা। দেখো, হয়তো ওখান থেকেই কাজের খোঁজে এসেছিল এতটা দূর, জালনায়। কিন্তু রেললাইনে কে ঘুমোয়? বোকা নাকি?”
“ওহ কি যে সুন্দর ছিল!” মেয়েটির মনে পড়ে যায়। “তোমার সেই মুর্তিটার কথা মনে আছে? বিষ্ণুর অনন্তশয়ান? আর শাল বনে ঘেরা সেই ঝরনাটা? লকডাউন উঠলেই আমারা আবার ওখানে বেড়াতে যাবো, কেমন?”



