চণ্ডালশ্চ বরাহশ্চ কুক্কুটঃ শ্বা তথৈব চ ।
রজস্বলা চ ষণ্ডশ্চ নৈক্ষেরন্নশ্নতো দ্বিজান্ ॥
ভোজনরত দ্বিজের দিকে চণ্ডাল, গ্রামের শুয়োর, মোরগ, কুকুর, রজঃস্বলা নারী ও কিন্নরের তাকানো নিষিদ্ধ।
— মনুস্মৃতি ৩.২৩৯
অবশ্য ৯ বছরের বাচ্চাটা কেবল তাকিয়েই ক্ষান্ত থাকেনি, তার পাপের বোঝা যে আরও মারাত্মক। সুরানা গ্রামে আরএসএস পরিচালিত সরস্বতী বিদ্যা মন্দিরে তৃতীয় শ্রেণিতে পড়ত ইন্দ্র কুমার মেঘওয়াল, সেখানে উচ্চবর্ণের শিক্ষকদের জন্য আলাদা করে রাখা থাকে ঘড়া ভর্তি জল। তেষ্টা সহ্য না করতে পেরে একদিন সেই জলটাই খেয়ে ফেলেছিল ছোট্ট ইন্দ্র।
আর যাবে কোথায়! এত বড়ো পাপের সাজা মিলবে না? রাজস্থানের সুরানা গ্রামের উঁচুজাতের মাস্টারবাবু চৈল সিং (৪০) তাকে মেরে, পিটিয়ে, থেঁৎলে দেন।
২৫ দিন ও ৭ খানা হাসপাতালের চৌকাঠ ডিঙিয়ে, শেষমেশ আহমেদাবাদ শহরে, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন মারা যায় জালোর জেলার এই একরত্তি শিশুটি।


