সংবাদমাধ্যম উপচে পড়ছে ফাটলের খবরে। প্রতিদিন চোখে পড়ে টাটকা পরিসংখ্যান, চামোলি জেলায় কেমন করে তাঁর শৈল শহরটি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে মাটির গর্ভে। হুড়মুড় করে গাঁয়ে ঢুকছে মিডিয়ার লোকজন, ক্যামেরার দৃষ্টি চিড় খাওয়া দেওয়াল কিংবা শহর জুড়ে প্রতিবাদমুখর মানুষের দিকে। গত সপ্তাহে বাবুরা এসে বলে গেছেন ভিটেমাটি ছেড়ে চম্পট দিতে। তিনি কিন্তু রাজি হননি — পারলে লাথি মেরে তাড়াক ব্যাটারা, দেখি কত মুরোদ! ভয়ডর তাঁর নেই মোটেও।
ফাটলগুলো কিছু একটার যেন সংকেত বলে তাঁর মনে হয়। অচেনা একটা লোভ গাঁয়ের তলার মাটিটা কুরে কুরে খাচ্ছে, খুঁড়ে চলেছে সুড়ঙ্গ। এ পাহাড় পর্বতে নিত্যনতুন প্রকল্প আর সড়ক এসে হানা দেয় ঠিকই, তবে হানাদার কেবল তারাই নয়। এ দুনিয়ার শিরায় শিরায় ছড়িয়ে গেছে অন্য একটা অসুখ। ভেদাভেদের প্রাচীর তো নতুন কিছু নয়। পরজীবী পার্বত্য লতায় ঝুলছে আনকোরা খোয়াব, তার লোভে মানুষ ছিঁড়ে ফেলেছে প্রকৃতির নাড়ি, ধুলোমাটির দেবদেবী আজ অস্তাচলে। তবে হ্যাঁ, ওটা কিন্তু জাদুলতা। সে মায়ার লোভে যদি আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ি, খামোখা আর কাউকে দোষটাই বা কোন মুখে দেওয়া যায়?



