সে এক আজব সময় ছিল বটে, একাধারে সম্রাটের ছায়া, দোস্ত, পরামর্শদাতা এবং প্রতিবিম্ব ছিল সে। তাকে ছাড়া কোনও মজলিসই জমতো না রাজসভায়, সে প্রেম-পিরিতির গপ্পোই হোক বা খানাপিনার কিসসা। কিন্তু, কোথায় যেন একটা ভুল হয়ে গেল একদিন। কী করে যে এমনটা হল তা কিছুতেই ঠাহর করে উঠতে পারছে না সে। কারাগারের তেলচিটে আঁধারে বসে আকাশপাতাল চিন্তা করছিল বিদূষক, রাজার সঙ্গে একদা মধুর সে সম্পর্ক না জানি কেমনে তিতকুটে হয়ে গেল এমন। মহারাজাধিরাজ ফকির বাহাদুর কেন যে এরকম খাপ্পা হয়ে গেলেন কে জানে... তার বুঝি জানার কোনও অধিকারই নেই? দূরত্ব এতটাই বেড়ে গেছে তাহলে? এই যে এক ধাক্কায় তার পরিস্থিতি শাহী বিরিয়ানি থেকে পান্তাভাতে এসে পৌঁছেছে, এটা নিয়ে নিজের উপর হাসতেও ইচ্ছে করছে না তার।
তবে রাজধানীর রীতিরেওয়াজ আগের মতনটি নেই আর। এ কাহিনি প্লেটো বাবাজির প্রজাতন্ত্রের, নাকি ওসিয়েনিয়ার? কিচ্ছুটি এসে যায় না তাতে, গপ্পোটা ভারতবর্ষের হলেই বা কি! এখন থেকে কেবল একটা ফরমানই খাটবে, রাজাজ্ঞা জারি হয়েছে, হাসি-নামক বস্তুটি চিরতরে মুছে যেতে চলেছে এ দেশ থেকে। রসিকতা, ভাঁড়ামো, ঠাট্টা-হেঁয়ালি, রঙ্গব্যঙ্গ, তামাশা, হাস্যকৌতুক, সিটকম, কার্টুন, লালিকা, এমনকি লিমেরিক কিংবা মজাদার শব্দছকও গুরুতর অপরাধ।
এ রাজ্যে ঠাঁই হবে শুধু মহাকাব্যের, যেখানে প্রধান সেবকের মনপসন্দ ঠাকুর-দেবতা আর রথী-মহারথীদের দেশপ্রেমের কথা বলা আছে। এছাড়াও থাকবে রাজপ্রাসাদের শিলমোহর-মারা ইতিহাস এবং আগমার্কা দেশপ্রেমিক নেতাদের জীবনী। তবে রামগরুড়ের ছানারা খতিয়ে না দেখা অবধি পার পাবে না কিচ্ছুটি, মন ছুঁয়ে যেতে পারে বা আবেগের ফুলকি এসে পড়তে পারে হৃদয়ে, এমন কিছু লিখলে বা আঁকলেই তৎক্ষণাৎ ঘ্যাচাং ফু! হাসিঠাট্টা কেবলমাত্র দেশদ্রোহী আগল-পাগলদের কারবার – তাই তো আদালত, সংসদ, রঙ্গমঞ্চ, বইপত্র, দূরদর্শন, ছবি, এমনকি বাচ্চাকাচ্চাদের ঠোঁট থেকেও দূর দূর করে তাড়াতে হবে তাকে…



