কোনও আল্ট্রাসাউন্ড রিপোর্টের সাহায্য ছাড়াই, রোপি একটি বেসরকারি মাতৃসদনের চিকিৎসককে জানিয়ে দিয়েছিলেন যে মায়ের পেটে যমজ সন্তান আছে।
বছর দুয়েক আগের এই ঘটনাটির কথা বেশ রসিয়ে বললেন রোপি মান্নু বেতে। চিকিৎসকের স্টেথোস্কোপ ব্যবহার করার ভঙ্গি নকল করে তিনি বলেন, “ওইটা কানে লাগিয়ে” ডাক্তারটি ওই রোগাটে মহিলার মাঝারি মাপের পেটের দিকে শেষবারের মতো দেখে নিয়ে রোপির সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন।
হাসপাতালের প্রসব-কক্ষের একটি টুলে বসার আগে তিনি আবার বলেন, “ম্যাডাম দুটো বাচ্চা হবে, দুটো।" ৭০ পার করা রোপি ও যন্ত্রণাকাতর হবু-মা তখন উত্তর-পূর্ব মহারাষ্ট্রের মেলঘাট বনাঞ্চলের সীমান্তে অবস্থিত জৈতাদেহি গ্রাম থেকে ২০ কিলোমিটার দূরে পরটওয়াড়া শহরে।
বিকেল নাগাদ ভূমিষ্ট হল এক শিশু-পুত্র আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই উদয় হল আরও একটি শিশু — এটি কন্যা — ছেলেটির যমজ বোন।
গোবরে নিকোনো চকচকে মেঝে আর চিরাচরিত মাটির দেওয়ালে ছাওয়া ভিটেবাড়িতে একটি কাঠের নেড়া খাটিয়ায় বসে রোপি একচোট হাসলেন। ভিতরের তিনটি ঘর ফাঁকা — ছেলেরা এখন প্রাপ্তবয়স্ক, পরিবারের দুই একর জমিতে তাঁরা কাজ করতে বেরিয়ে গেছেন।
কোরকু ভাষায় একটি গালি বেরিয়ে এল তাঁর মুখ থেকে, তর্জমায় যে শব্দটি গাধার গুপ্ত অঙ্গ বিশেষকে নির্দেশ করে! বলিরেখায় ছাওয়া মুখের কাটাকুটি গভীরতর হল যখন আরও খানিক হাসি ফুটিয়ে তিনি বেশ হৃষ্ট চিত্তে জানালেন যে কেমন সুন্দর করে অভিনন্দন জানিয়েছিলেন ওই শহুরে চিকিৎসককে!











