সেদিনটা আজও মনে পড়ে। কম্বল মুড়ি দিয়ে, মায়ের পাশে গুটিশুটি মেরে শুয়ে গল্প শুনছিলাম – "তারপর তো সিদ্ধার্থ ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন, জীবনসত্যের সন্ধানে..." অঝোর ধারায় বৃষ্টি পড়েছিল সারাটা রাত, ঘর জুড়ে ঘুরপাক খেয়েছিলো পৃথিবীর গর্ভগন্ধ, মোমবাতির কালচে শিখা কেঁপে কেঁপে ছুঁতে চেয়েছিল ছাদ।
"সিদ্ধার্থ যদি খাবারদাবার কিছু না পায়? তাহলে?" বোকার মতো জিজ্ঞেস করেছিলাম। আরে বাবা, সিদ্ধার্থ তো ভগবান!
তারপর একে একে কেটে গেছে ১৮টা বছর, আবারও হাজির হয়েছি সেই ঘরে। সেই একই বৃষ্টি, জানালার কাঁচ বেয়ে ছুটে চলেছে ফোঁটা ফোঁটা মেঘ। এবার আমার পাশে লেপের ভিতর কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে মা, কানখাড়া করে খবর শুনছে: "ভারতে ২১ দিনের লকডাউন শুরু হওয়ার পর থেকে শহর ছেড়ে নিজেদের দেশগাঁয়ের পথে পায়ে হেঁটে রওনা দিয়েছে লাখ পাঁচেক পরিযায়ী মজুর।"
পাল্টায়নি বোধহয় শুধু প্রশ্নটাই: ওঁরা যদি খেতে না পান? কী হবে তাহলে?



