আমি শোলাপিঠ [এসকাইনোমেনে অ্যাস্পেরা এল. গাছ হতে প্রাপ্ত শোলা] দিয়ে রকমারি নকশাদার সামগ্রী বানাই। পালকের মতো হাল্কা এই বস্তুটি নানাভাবে ব্যবহার করা যায়, মন-পসন্দ আকার ও নকশা অনুযায়ী কেটেছেঁটে নিই। ওড়িশায় আমরা একে শোলাপিঠ কামা [শোলার কাজ] বলি।
গলার হার, দশেরার কশিদা, ফুল তথা অন্যান্য ঘর সাজানোর জিনিস বানাতে পারি ঠিকই, তবে তাহিয়ার জন্যই সবচাইতে বেশি নামডাক আমার। ওড়িশি নৃত্যশিল্পীরা যে জমকালো মুকুট পরে মঞ্চে নামেন, তারই নাম তাহিয়া।
তাহিয়া প্লাস্টিকেরও হয়, তবে ওগুলো পরে নর্তকদের মাথার ত্বক ছড়ে যায়, অনেকক্ষণ ধরে পরে থাকাটা সত্যিই খুব কষ্টের। উপরন্তু প্লাস্টিক খোদাই করে ইচ্ছেমতন নকশা বানানো কঠিন।
তাহিয়া বানাতে পারেন, এমন ওস্তাদ কারিগর এখন আর অনেক নেই, তবে আমার কিন্তু তাহিয়া বানাতে বড্ড ভালো লাগে।












