পারাই ঢাক বেজে উঠতেই মিছিল শুরু হয়ে গেল।
জনা ষাটেকের একটা ভিড় থেকে গর্জন ওঠে: “জয় জয় জয় ভীম, জয় আম্বেদকর জয় ভীম।” মুম্বইয়ের ধারাভিতে চলছে প্রতিবছর ৬ ডিসেম্বর ড. বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে অনুষ্ঠিত মহাপরিনির্বাণ মিছিল।
একে একে সবাই মোমবাতি জ্বালিয়ে ধারাভির পেরিয়ার চৌকে জড়ো হয়, আর হঠাৎই মুম্বই শহরে অবস্থিত এশিয়ার বৃহত্তম বস্তির এই ছোট্ট কোণটি উৎসবে মেতে ওঠে। এই মহাপরিনির্বাণ দিবস (আম্বেদকরের মৃত্যুদিন) অনুষ্ঠানের উদ্যোক্তা জয় ভীম ফাউন্ডেশন। মিছিল হবে ঘণ্টাদুয়েকের, যাবে ই ভি রামস্বামী (পেরিয়ার) চৌক থেকে গণেশন কোভিলে আম্বেদকরের মূর্তি পর্যন্ত মোটামুটি ১.৫ কিলোমিটার পথ।
“আজকের দিনটা আমাদের কাছে উৎসবের মতোই। পুরো মুম্বই শহর ১৪ এপ্রিল (আম্বেদকরের জন্মদিবস) আর ৬ ডিসেম্বর উদ্যাপন করে, আমাদের মহান নেতা এবং জাতপাত-ভিত্তিক বৈষম্যে আক্রান্ত মানুষদের জন্য তাঁর অবদান মনে রেখে,” বলছেন জয় ভীম ফাউন্ডেশনের অন্যতম সদস্য ভেন্নিলা সুরেশ কুমার। তাঁর স্বামী সুরেশ কুমার রাজু এই জয় ভীম ফাউন্ডেশনের আরেক গুরুত্বপূর্ণ সদস্য। “আমরা গোটা পথটা নীল পতাকায় সাজাই, দরজায় দরজায় গিয়ে মানুষকে আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে হাঁটার জন্য।”
ভেন্নিলা ধারাভির আম্বেদকর মূর্তিটিতে মাল্যদান করেন, তারপর তামিল গানের দলের সঙ্গে তাঁদের নেতার অবদান নিয়ে গাইতে গলা মেলালেন।

















