অগস্ট ২০২০, দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে মা-বাবার কাছে ফিরে এসেছিলেন আঞ্জানি যাদব। তারপর থেকে আর একটিবারের জন্যও শ্বশুরবাড়িতে পা রাখেননি। দুই সন্তানের সঙ্গে বিহারের গয়া জেলার বোধগয়া ব্লকের বাক্রাউর গ্রামে নিজের বাপের বাড়িতেই থাকেন আঞ্জানি (৩১)। আধা ঘন্টার দূরত্বে তাঁর বর যেখানে থাকেন সেই গ্রামের নামটা তিনি একটিবারের জন্যও মুখে আনলেন না।
"বাচ্চাটা হয়েছিল ওই সরকারি হাসপাতালটায়, দিন দুই কাটতে না কাটতেই আমার জা বলে কিনা বাড়ি ফিরে রান্নাবান্না ঝাড়পোঁছ সবকিছু করতে হবে। বলল যে ওর নিজের যখন বাচ্চা হয়েছিল, তারপর বাড়ি ফিরেই সমস্ত কাজকম্ম সামলাত। ডেলিভারির সময় আমার কত রক্ত পড়েছিল জানেন? এমনকি বাচ্চাটা হওয়ার আগেই নার্স বলে দিয়েছিল, আমার শরীরে নাকি রক্ত নেই বললেই চলে [গুরুতর রক্তাল্পতা], তাই বেশি করে ফলমূল শাকসবজি এসব খেতে হবে। শ্বশুরবাড়িতে পড়ে থাকলে আমার অবস্থাটা যে কী দাঁড়াতো সেটা বুঝতেই পেরেছিলাম।"
জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস-৫) জানাচ্ছে যে গত পাঁচ বছরে দেশের অধিকাংশ রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে শিশু ও মহিলাদের মধ্যে রক্তাল্পতার হার ক্রমশই বৃদ্ধি পেয়েছে।
আঞ্জানি জানালেন যে তাঁর স্বামী সুখীরাম (৩২) গুজরাতের সুরাতে একটি কাপড়ের কোম্পানিতে কাজ করেন। "বাচ্চাটা হওয়ার সময় ওর আসার কথা ছিল, কিন্তু ওর কোম্পানি জানিয়ে দেয় যে দুদিনের বেশি কামাই করলে চাকরিটা চলে যাবে। সে রুজিরুটিই বলুন বা শরীরস্বাস্থ্য আর মনমেজাজ, করোনা এসে আমাদের মতন গরিবদের জীবন ছারখার করে দিয়েছে। শেষমেশ তাই সবকিছু আমি নিজেই একাহাতে সামলেছিলাম।"
"ওকে ছাড়া দিন দিন অবস্থাটা ভয়াবহ হয়ে উঠছিল, কোনওমতে পালিয়ে বেঁচেছি শেষটায়। সদ্য সদ্য মা হয়েছি, এ অবস্থায় সেবাযত্ন তো দূরের কথা, বাড়ির কাজকম্ম থেকে শুরু করে বাচ্চাটার দেখভাল, সব আমাকে একা হাতে সামলাতে হত," পারি-কে জানিয়েছিলেন তিনি। এ রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মতো আঞ্জানির শরীরে আজও বাসা বেঁধে রয়েছে রক্তাল্পতা।
এনএফএইচএস-৫ বলছে যে বিহারের প্রায় ৬৪ শতাংশ মহিলা রক্তাল্পতার শিকার।
কোভিড-১৯ অতিমারির প্রসঙ্গে ২০২০ সালের বিশ্ব পুষ্টি প্রতিবেদন জানাচ্ছে যে: "প্রজননক্ষম মহিলাদের ক্ষেত্রে রক্তাল্পতা মোকাবিলা করার লক্ষ্যে [ভারতবর্ষ] একটা পা-ও এগোতে পারেনি...১৫-৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে আজ প্রায় ৫১.২ শতাংশ এই রোগের শিকার।"








