গাছটা লাগিয়েছিলেন তাঁর পিতামহ। মহাদেব কাম্বলে তাঁর আমগাছের ছায়ায় বসে জানালেন, এই গাছ “তাঁর চেয়ে বয়সে প্রবীণ।” সবেধন নীলমণি ওই গাছটিই, দুই একর জমির উপর বিস্তৃত আমরাই (আম বাগান) খাঁ খাঁ করছে।
এই একাকী আমগাছ কথা বলে — বলে কেন পূর্ব মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বরঞ্জ মোকাসা গ্রামের কাম্বলে সহ আরও অনেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, চারবার নির্বাচিত সাংসদ, ভারতীয় জনতা পার্টি পরিচালিত ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের হান্সরাজ আহিরকে পরাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
কয়লাখনির জন্য যখন কাম্বলের জমি অধিগৃহীত হয়, তখনই কাটা পড়ে তাঁর বাকি আম গাছগুলি। এই অঞ্চলে বিগত দশ বছর ধরে গজিয়ে ওঠা প্রকল্পগুলি বরঞ্জ মোকাসা গ্রামের (২০১১ সালের আদমশুমারিতে একে বারাঙ্গ মোকাসা হিসাবে চিহ্নিত করা হয়েছে) সব ভূসম্পত্তি, জায়গা-জমি দখল করে, মানুষকে কর্মচ্যূত করে সর্বনাশ করেছে।
বরঞ্জ মোকাসা গ্রামকে ওই প্রকল্পের আওতায় আনা হলেও গ্রামের মানুষের পুনর্বাসনের কোনও বন্দোবস্ত করা হয়নি। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন গ্রামের প্রায় ১,৮০০ জন বাসিন্দা।












