সে আপনারা যতই আমাদের শিকড় কেড়ে নিন, সলিলসমাধি দিন, ক'দিন পরে দেখবেন নিজেরাই শুকিয়ে মরছেন তেষ্টায় – ঠিক মনে পড়ছে না, কোথায় যেন লিখে রেখেছি এসব। আমাদের জল, আমাদের জমিন, নিন নিন, সবই লুটে নিন – তবে মনে রাখবেন, সেই আমরাই কিন্তু লড়ে মরব আপনাদের আগামী প্রজন্মের জন্য। জল-জঙ্গল-জমিনের তরে এ যুদ্ধ কিন্তু আমাদের একার নয়। ভেবে দেখুন দেখি একবার, প্রকৃতি থেকে আদৌ কি আলাদা আমরা কেউ? ধূলা-মাটি-পাহাড়ের সঙ্গে আদিবাসীর নাড়ির যোগ, একসুতোয় বাঁধা সব, নিজেদের স্বতন্ত্র বলে ভাবতেই পারি না। দেহওয়ালি ভিলি ভাষায় যে ক'টা কবিতা লিখেছি, তার ছত্রে ছত্রে ধরা আছে আদিবাসী সমাজের মূল্যবোধ।
আমাদের সমাজের যে বিশ্ববীক্ষা, তা আগামীর বুনিয়াদ বই আর কিছু নয়। এ জীবনবোধ আপনারা চান বা না চান, এই পথে কিন্তু ফিরতেই হবে আপনাদেরও, নয়তো জোট বেঁধে আত্মহত্যা করা ছাড়া আর কোনও রাস্তাই খোলা পাবেন না।


