তাইবাই ঘুলের আন্দাজ, একরাতের ভিতর একলাখ টাকার লোকসান হয়েছিল তাঁর।
মুষলধারে যখন বৃষ্টি শুরু হয়, তখন ৪২ বছরের এই মেষপালকটি নিজের গাঁ থেকে নয় কিলোমিটার দূর ভালাওয়ানিতে ছিলেন। তাঁর কথায়: “বিকেল পাঁচটা থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়, মাঝরাতের পর থেকে পানির তেজ বাড়ে।” জলকাদায় ভরে যায় সদ্য সদ্য লাঙলচষা মাঠ। আনুমানিক ২০০টি ভেড়া ছিল তাঁর পালে, চিটচিটে কাদা ভেঙে চলাফেরা করতে পারছিল না প্রাণীগুলো।
২০২১-এর ডিসেম্বরে, অতিবর্ষণে জেরবার হয়ে গিয়েছিল মহারাষ্ট্রের আহমেদনগর জেলা, সেকথা মনে করে তাইবাই জানালেন, “পাঁকের মধ্যে একঠায় বসেছিলাম [সারারাত], ভেড়াগুলোর সঙ্গে আমরাও ভিজে একসা হয়ে গেছিলাম বানের তোড়ে।”
“আগে আগে ভারি বৃষ্টি দেখেছি বৈকি, কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি কখনও। সেদিন প্রথমবার এমনটা হয়েছিল,” বলছিলেন ধবলপুরি গাঁয়ের এই মেষপালক। এক ধাক্কায় আটটি ভেড়া ও একটি মাদি-ছাগল হারিয়েছিলেন তিনি। “ওদের প্রাণপন বাঁচানোর চেষ্টা করেছিলাম।”
সবচাইতে বেশি বৃষ্টি হয়েছিল সাতারায়। ওখানকার অধিকাংশ তালুক জুড়ে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল ২০২১ সালের ২রা ডিসেম্বর।









