“ভেন্ডা,” তামিল ভাষায় জানালেন তিনি। নাম জিজ্ঞেস করেছিলাম আমরা। উত্তরটা শুনে প্রথমে কিছুক্ষণ হকচকিয়ে গিয়ে তারপর বুঝলাম এইটা সত্যিই ওঁর নাম, তিনি যে জবাব দিতে অনিচ্ছে প্রকাশ করছেন তা নয়। তামিল শব্দ ভেন্ডাম-এর সংক্ষিপ্ত রূপ ‘ভেন্ডা’, যার অর্থ ‘চাই না’ বা ‘অযাচিত’।
নরসিম্মন ও অধুনা প্রয়াত রাজম্মালের মেয়ে ৩৯ বছরের এন. ভেন্ডাম। তিন ছেলে আর এক মেয়ের পর, বারংবার বাচ্চা বিইয়ে রুগ্ন-ক্লান্ত মায়ের গর্ভে তাঁর জন্ম। আর যাতে বাচ্চাকাচ্চা না হয়, সেই প্রার্থনায় মা-বাবা এই পঞ্চম সন্তানের নাম রাখেন ‘ভেন্ডা’। আধার কার্ডেও তাঁর নাম ‘ভেন্ডাম’।
রাজম্মাল বেঁচে থাকতে বছর কয়েক আগে একবার কথাপ্রসঙ্গে আমায় বলেছিলেন, ছেলে হলে তার নাম ‘ভেন্ডা’ রাখা হত না। কিন্তু হল মেয়ে, অতএব নিশ্চিন্তে সে বেচারির জন্ম-সার্টিফিকেটেই নিজেদের ঈপ্সিত ভবিষ্যতে শীলমোহর এঁটে দেওয়া গেল।
তবে পরে, মায়ের মনে আক্ষেপ হয়েছিল ঠিকই। মেয়েকে বলেছিলেন, “তোকে সারাক্ষণ ‘ভেন্ডা ভেন্ডা’ না করে যদি বেশ একটা পয়মন্ত নাম দিতুম, হয়তো জীবনটা তোর আরেকটু সুখের হত, বরাত খুলত।”
ভেন্ডার হিসেবমাফিক, তামিলনাড়ুর তিরুভল্লুর জেলায় তাঁদের এই মাদ্দুর গাঁয়ে ভেন্ডা নামে অন্তত আরও জনাদশেক মেয়ে আছে। “তিরুত্তনি ব্লকে আশেপাশের অনেক গাঁয়ে আমাদের সম্প্রদায়ের মধ্যে এই নামকরণের চল আছে,” পারিকে জানান তিনি।





