"কেন আমরা মুখোশের আড়ালে মুখ লুকোই জানেন? আমাদের জ্বালা-যন্ত্রণা লুকিয়ে রাখি আসলে," শ্রাবণ মাসের মেঘলা আকাশটার তলায় দাঁড়িয়ে বলছিলেন শ্যামল মান্না, উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরের কাছেই তাঁর গ্রাম। "প্রচণ্ড রাগ হচ্ছে বলেই তো এখানে এসেছি আমরা।"
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে শুরু হওয়া কর্মকাণ্ড আজ ভীমবেগে শক্তি সঞ্চয় করছে তামাম ভারতবর্ষ জুড়ে। আজ কলকাতার এই বিক্ষোভ মিছিলে সামিল তরুণ-প্রজন্মের অনেকেরই মুখে সিনেমার পর্দা থেকে তুলে আনা আয়রনম্যান ও সুপারম্যানের মতন দুষ্ট-দমন চরিত্রদের মুখোশ — সঙ্গে চলতি সব মিম ও পোস্টার তো রয়েইছে।
২৪ জুলাই দুপুর পৌনে তিনটে নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে রওনা দেয় মহামিছিল, গন্তব্য ছিল এসপ্ল্যানেড। স্থানীয় খবরের কাগজ মোতাবেক, দশ-কুড়ি হাজার কি তারও বেশি মানুষ একজোট হয়েছিলেন সেদিন। সন্ধে ছ’টা নাগাদ বিক্ষোভকারী ও কলকাতা পুলিশের মধ্যে খানিক সংঘর্ষ বাধলে তারই জেরে জলকামান চালায় পুলিশ।


















